অধীর চৌধুরী মনোনয়ন জমা দেবেন কবে? কৌতুহল শহরবাসীর

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ অধীর চৌধুরী মনোনয়ন জমা দেবেন কবে? তা নিয়ে প্রশ্নের শেষ নেই বহরমপুরবাসীর।

এদিকে যতটা গর্জন প্রত্যাশা করেছিল শহরবাসী ততটা বর্ষায়নি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের মনোনয়ন জমা দেওয়ার পর্ব। বরং ‘বিশৃঙ্খলায়’ ভরপুর ছিল ইউসুফের দলীয় কার্যালয় থেকে দু’শো মিটার দূরের জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত। যা নিয়ে খোদ ইউসুফ সেনাপতি হুমায়ুন নিজেই বিরক্ত। এদিন তিনি বলেন, “আমাদেরও যে বয়স হয়েছে তা খেয়ালই করে না দলের ছেলেপিলেরা। সব কিছুতেই হৈ-হট্টগোল, ঠেলাঠেলি কিছুতেই বাগ মানে না।”

তবে সোমবার বহরমপুরের মূল তিন দলের লড়াইয়ে দুই দল বিজেপি ও তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। স্বাভাবিকভাবেই কৌতুহলী শহরবাসীর নজর এখন অধীর চৌধুরীর দিকে। তাঁদের উৎসাহ কবে মনোনয়ন জমা দিতে জেলা প্রশাসনিক ভবনে যাবেন? তিনিও কী ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন?

অধীর চৌধুরীর সঙ্গে দেখা করে গেলেন ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং

কংগ্রেস সূত্রে জানা যায়, আগামীকাল অর্থাৎ বুধবার অধীর চৌধুরী মনোনয়ন দাখিল করবেন। কংগ্রেস নেতা অসীম রায় বলেন, ” বুধবার দাদা মনোনয়ন দাখিল করবেন। যা যা হওয়ার সবটাই হবে।”

দিন কয়েক আগে শহরে লাল নিশান উড়িয়ে মনোনয়ন দাখিল করতে এসেছিলেন মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর মনোনয়ন জমা দেওয়া পর্বে হাজির ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। বুধবার মহম্মদ সেলিমও থাকবেন অধীরের মনোনয়ন জমা দেওয়া পর্বে? সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ” দুই রাজ্য নেতৃত্বই একথা সঠিকভাবে বলতে পারবেন। বিষয়টি আমার জানা নেই।” যদিও সূত্রের দাবি, অধীরের মনোনয়ন পর্বে হাজির থাকবেন সেলিমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights