ঘর গুছিয়ে পথে নেমে বুঝে নেওয়ার বার্তা দিল এসএফআই

Social Share
বাম ছাত্রদের ব্যারিকেড ভাঙার চেষ্টা বহরমপুরে

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃঘর গুছিয়ে নির্বাচনের আগে সক্রিয় হল সিপিএমের ছাত্র সংগঠন। বহরমপুরের রাস্তায় লম্বা মিছিল করে জেলাশাসককে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি সফল করল এসএফআই। সম্প্রতি জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের জেলা নেতৃত্বে বদল এনেছেন তাঁরা। সম্পাদক হয়েছেন ইনজামুল হক ওরফে রানা। সভাপতি হয়েছেন অদিতি নন্দী।

সংগঠনের দায়িত্ব পেয়ে ওঁরা ছাত্র সংগ্রামের শুকিয়ে যাওয়া মাটি খুঁড়ে ফের চাষের ইঙ্গিত দিতে গা ঘামাচ্ছেন কখনও ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করে, কখনও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্দরে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে। সোমবার তাঁরা যে সাতটি দাবিতে বহরমপুরে মিছিল করলেন সেগুলির কথা বলবার কেউ নেই, বর্তমান সরকারের আমলে। এমনটাই দাবি করলেন সংগঠনের নেতারা। ওবিসি বঞ্চনা মানুষের বুকে শেলের মতো বিঁধছে। স্কুলগুলি অনৈতিকভাবে ভর্তি ফি বেশি নিতে বাধ্য হচ্ছে, কারণ স্কুলের বিদ্যুতের বিল মুকুব করে না সরকার।

ভাঙনের কবলে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি, তারসঙ্গে হারিয়ে গিয়েছে শৈশব। তাদের স্কুলে ফেরাবে কে। এসএফআই-সরকারকে সেদিকে নজর দিতে বলছে। ভাবতায় কলেজ তৈরির কথা বলেছিল সরকার। কিন্তু শিলান্যাসের পর আর এক পাও এগোয়নি সেই কলেজ। এদিন সেই প্রশ্নই তুলেছেন তাঁরা। আর সেই দাবি যতই জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে গিয়েছে ততই আড়ষ্ট হয়েছে প্রশাসন। সামনে থেকে মিছিলকে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকালেও এদিনের উদ্দেশ্য সফল হয়েছে বলে দাবি ছাত্র নেতাদের। পাঁচজনের প্রতিনিধি দল জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। রাস্তাই একমাত্র টিকে থাকার পথ। সেই রাস্তাতেই কর্মসূচি শেষে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এসএফআই নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights