বেলডাঙা কাণ্ডের তদন্তে কাল আসছে এনআইএ

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশ মনে বেলডাঙার অশান্তি কাণ্ডে তদন্তের ভার এনআইএ (National Investigation Agency)কেই দিল কেন্দ্র। আগামীকাল বেলডাঙায় আসছে জাতীয় তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল। বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গড়াই ও সেই দাবির সত্যতা স্বীকার করেছেন।

এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ভিন রাজ্যে পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ পরপর দু’দিন জন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলডাঙা। প্রথমদিন প্রায় সাত ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। একইসঙ্গে অবরোধের জেরে বেলডাঙা স্টেশনের দু’দিকেই আটকে থাকে ট্রেন চলাচলও। বিক্ষোভের খবর করতে গিয়ে আহত হতে হয় কর্তব্যরত সাংবাদিকদের।

দিনশেষে জেলাশাসক নীতিন সিংহানিয়া ও পুলিশ সুপার কুমার সানি রাজ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে, দাবি মেনে সেদিনের মতো বিক্ষোভে রাশ টানলেও পরের দিন ফের বিহারে এক পরিযায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদে ফের জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। সেদিন সক্রিয় ভূমিকায় দেখা যায় মুর্শিদাবাদ পুলিশকে। লাঠিচার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক MIM নেতা সহ ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করে। তারমধ্যে চারজন সাংবাদিক নিগ্রহের ঘটনায় সড়াসড়ি জড়িত বলে দাবি পুলিশের। ওই চারজন সহ আরও ছ’জনকে পুলিশ হেফাজতে নেয়। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানান বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। ২০ জানুয়ারী প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মামলাকারীদের পক্ষে সেদিন এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছিল। রাজ্যের বক্তব্য শোনার পরেও আদালত বেলডাঙায় ঘটনায় কেন্দ্র সরকার চাইলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে বলেও মন্তব্য করে।

সেই মন্তব্যের জেরেই কাল বেলডাঙায় এনআইএ তদন্ত করতে ঘটনাস্থলে আসছে বলে জানা যায়। যা শুনে বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান বলেন, ” এন আই এ আসছে আসুক। পুলিশের সঙ্গে কথা হবে। বিজেপি প্রথম থেকেই চেষ্টা করছিল। একাধিক মামলা করিয়েছিল। দেখা যাক এনআইএ পুলিশের তদন্তের বাইরে কি খুঁজে পায়।” বহরমপুরের ” এসআইআরকে থামাতে তৃণমূলের উস্কানিতে ৩০ ঘণ্টা ধরে দুষ্কৃতি তান্ডবে জাতীয় সড়ক, রেল চলাচল স্তব্ধ হয়ে যায়। যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সেটা যে ডাহা মিথ্যা রাজ্য পুলিশই তা প্রমাণ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই দাবি করেছিলেন এই ঘটনার তদন্ত পুলিশকে দিয়ে হবে না। আদালতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছিলেন। সেই দাবি মেনে এনআইএ তদন্তে আসায় আমরা খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights