
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আজ শুরু হচ্ছে ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় যুক্ত সকল শিক্ষক থেকে আধিকারিকদের আগে পরীক্ষার কাজ পরে এসআইআরের কাজ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ সভাপতির পক্ষ থেকে। জেলা শিক্ষা আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শিক্ষকদের একাংশও চলমান এসআইআরের কাজে যুক্ত।
সম্প্রতি সৈদাবাদ মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতিতে একটি বৈঠক হয় জেলার পরীক্ষা উপদেষ্টা মন্ডলীর সদস্যদের। সেখানে পর্ষদ নির্ধারিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার কাজে যুক্ত সকল শিক্ষকদের। সেখানেও এই কথা আলোচনা হয়েছে বলে জানান জেলা মাধ্যমিক পরীক্ষা যুগ্ম আহবায়ক শিক্ষক প্রলয় মন্ডল।
সকাল ১০ টা ৪৫ থেকে পরীক্ষা শুরু। মুর্শিদাবাদ জেলায় ১৫৯টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে। তার মধ্যে মেন ভ্যেনু রয়েছে ৮৩টি আর সাব ভ্যেনু রয়েছে ৭৬টি। জেলায় মোট ৯৫ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তারমধ্যে ছাত্রীর সংখ্যা এবারেও বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৭৯ জন ছাত্রী আর ছাত্রের সংখ্যা ৪১ হাজার ৬৬৫ জন। গত বছর জেলায় ৮৪ হাজার ২২২ জন ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর দশ মিনিট আগে পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে পাবেন। তাঁদের সামনেই পর্ষদ নির্ধারিত প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন ইনভিজিলেটর বা পরীক্ষা পরিদর্শক।
প্রশ্নপত্র নকল বা পরীক্ষা চলাকালীন বাইরে চলে যেতে না পারে তারজন্য প্রশ্নপত্রে এবার কিউ আর কোড থাকছে বলে জানা যায়। পরীক্ষাকেন্দ্র পরীক্ষার্থীরা কোনওরকম ইলেক্ট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। সব পরীক্ষাকেন্দ্রেই থাকছে কড়া পুলিশি পাহারা। প্রলয় বলেন, ” পর্ষদ এমনভাবে বিষয়টি সাজিয়েছে যে কোনওভাবে যদি প্রশ্নপত্র বাইরে চলে যায় তাহলে কোন ঘর থেকে প্রশ্নপত্র বেরিয়েছে তা সহজে নির্ধারণ করা যাবে।” তিনি বলেন, ” আমাদের জেলায় ২৭টি কাস্টডিয়ান আছে যেখানে প্রশ্নপত্র গচ্ছিত আছে। সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সেন্টার ইনচার্জ বা সেন্টার সেক্রেটারিরা প্রশ্নপত্র নিয়ে যাবেন।”