
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে সরিয়ে দিত কমিশন। তার আগে রাজ্যের একশো ন’জন পুলিশ ইন্সপেক্টরকে সরিয়ে নড়িয়ে দিল রাজ্য নিজেই। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন থানা নতুন পুলিশ আধিকারিকদের নেতৃত্বেই নির্বাচন হবে। সেই তালিকায় জুড়ে গেল মুর্শিদাবাদের বহরমপুর ও সুতি। বদলির তালিকায় আছেন সালার, ডোমকলের মতো গুরুত্বপূর্ণ থানার বড়বাবুও। আর তা নিয়ে জল্পনার অন্ত নেই তৃণমূল স্তরে।
আজ বৃহস্পতিবার রাজ্য ১০৯ জন ইন্সপেক্টরের রদবদল করেছে। সেই তালিকায় নাম রয়েছে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষের। তাঁকে ২০৭ কিমি দূরে রায়গঞ্জ থানার আই সি করে পাঠানো হচ্ছে। বাম আমল থেকেই নদিয়ার নাকাশিপাড়া থানার দাদুপুর গ্রামের এই ভূমিপুত্রের দক্ষ পুলিশ আধিকারিক হিসেবে পরিচিতি পুলিশ বিভাগে। এখনও তাঁর সুনাম ঘোরে ফরাকা থানা এলাকায়। সাধারণ মানুষকে পুলিশের দূত তৈরি করে পুলিশের কাজ সহজ করেছিলেন।
পরিবর্তনের জমানাতেও তাঁর সুনামের ঘাটতি ছিল না। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৎকালীন ইন্সপেক্টর রাজা সরকারকে সরিয়ে বহরমপুর থানার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিরোধীরা তাঁর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুললে তাঁকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। পরে ভোট মিটে গেলে তাঁকে ফের বহরমপুরের দায়িত্বে ফেরায় রাজ্য। এদিন তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের ট্রাফিক ইন্সপেক্টর সুদীপ সিংহকে নিয়ে আসা হচ্ছে।
একইভাবে ওয়াকফ আইন সংশোধন বিল বাতিলের দাবিতে গত বছর উত্তাল হয়েছিল উত্তর মুর্শিদাবাদের একাংশ। সেই সময় সুতি থানার দায়িত্ব দেওয়া হয় সদ্য পদোন্নতি হওয়া সুপ্রীয় মাজিকে। তার আগে ওসি হিসেবে তিনি মুর্শিদাবাদ জেলার একাধিক থানার দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে এদিন সুতি থেকে সরিয়ে রাজ্যের গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। তিনি দার্জিলিং জেলার ডিডি ওয়ান হিসেবে কাজ করবেন। তাঁর বদলে রাজ্যের বিধানসভা নির্বাচন পর্বে সুতি সামলাবেন তন্ময় ভকত। তাঁরও এই জেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
একইভাবে এদিন ডোমকলের আইসিকে পার্থসারথি মজুমদারকে রাজ্য পুলিশের আইবিতে বদলি করা হয়েছে। মহম্মদ মহিউল ইসলামকে ডোমকলের দায়িত্বে আনা হচ্ছে। বিধায়ক জাফিকুল ইসলামের মৃত্যুর পর ডোমকলে এখন কোনও বিধায়ক নেই। সেখানে ইতিমধ্যেই বিরোধী কংগ্রেস, সিপিএম নির্বাচনী প্রচারে জোর দিয়েছে। হাওয়ায় ঘাসফুল শিবিরে নেই বলেই মত সমীক্ষকদের। এমন সময় পুলিশের বড়বাবু বদলকেও তাৎপর্যপূর্ণ বলে দাবি করছেন অনেকে।
সালার থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টরকে সরিয়ে সমরেন্দ্র পালকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই থানার। এই সালারের বিধায়ক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তিনি তৃণমূলে না থাকলেও রাজ্যের শাসকদল তৃণমূল সেখানে জেতা নিয়ে আশাবাদী। কিন্তু সেই আশায় জল ঢালতে মরিয়ে বিরোধী শিবিরও। এই রাজনৈতিক সমীকরণের মাঝেই পুলিশের রদবদলে জল্পনা মুর্শিদাবাদ জুড়ে।