
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার মুখে মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার সাধারণ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ব্যাপক রদবদল করল নবান্ন। মুর্শিদাবাদে এক ধাক্কায় তিনজন অভিজ্ঞ অতিরিক্ত জেলাশাসকের বদলির নির্দেশ এসেছে। বদলির নির্দেশ পাঠানো হয়েছে জেলা সদর মহকুমা শাসককেও। লালবাগ মহকুমা শাসকেরও বদলির নির্দেশ পাঠিয়ে ভোটের আগে তাঁকে অন্য মহকুমার দায়িত্বে পাঠানো হচ্ছে।
নির্দেশ অনুযায়ী অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দীন নারায়ণ ঘোষকে মুর্শিদাবাদ থেকে কোচবিহারে, অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) চিরন্তন প্রামাণিককে বাঁকুড়া আর অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সামসুর রহমানকে পশ্চিম মেদিনীপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায়কে কৃষ্ণনগরের সদর মহকুমাশাসকের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। লালবাগের মহকুমাশাসক বনমালি রায়কে দার্জিলিংয়ের মহকুমাশাসক করে তাঁর জায়গায় তুফানগঞ্জ থেকে কিংশুক মাইতিকে লালবাগে পাঠাচ্ছে নবান্ন। পূর্ব মেদিনীপুরের ডেপুটি প্রকল্প আধিকারিক সমীরণ বারিককে বহরমপুরের মহকুমা শাসককের দায়িত্ব দেওয়া হচ্ছে।
একইভাবে জেলা শিক্ষা আধিকারিক এষা ঘোষকে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের দায়িত্ব দিয়ে পশ্চিম মেদিনীপুরে পাঠানো হচ্ছে। মুর্শিদাবাদের পিডি ডিআরডিসি সুকান্ত সাহা অতিরিক্ত জেলাশাসক হয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে। তাঁর জায়গায় আসছেন আর এক ডব্লিউবিসিএস সোমা শ। জেলা নির্বাচন আধিকারিক লিটন সাহাও বদলি হয়ে যাচ্ছেন মেদিনীপুরে। এছাড়াও মুর্শিদাবাদের আঞ্চলিক পরিবহন আধিকারিক সহ আরও কয়েকজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে অন্যত্র।
২০২৪ এর লোকসভা নির্বাচনের সময়েও জেলায় একলপ্তে বহু আধিকারিককে সরিয়ে নড়িয়ে দিয়ে ভোট যুদ্ধে সামিল হয়েছিল রাজ্য। বিশেষজ্ঞদের দাবি, এসআইআর আবহে চলতি বছর বিধানসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদের ২২টি আসনের অধিকাংশ আসনে তৃণমূলের ভাবমূর্তি খারাপ। সেই সময় মুর্শিদাবাদ জেলায় নির্বাচন পরিচালনা করতে নতুন আধিকারিকদের ভার দিয়ে ভোট যুদ্ধে নামতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।