
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ নজরে বেলডাঙা। আর সেই বেলডাঙায় আগামী কাল বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ডাক দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি এতদিন তৃণমূলের নেতা থাকলেও এখন তিনি তৃণমূলের কেউ নন বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন তৃণমূলেরই আর এক বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম ওরফে ববি।
তাঁর পাশে বসে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন হরিহরপাড়ার বিধায়ক তথা তৃণমূলের বহরমপুর সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখ, আখরুজ্জামানরা। দল থেকে সাসপেন্ড করার পরেই তৃণমূলে মুখ্যমন্ত্রীর সভা ছেড়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান হুমায়ুন। তাঁর পিছু পিছু মাঠ ছাড়েন তাঁর অনুগামীরাও। মাঠে গিয়ে সবার সামনে যখন সাসপেন্ডের কথা শুনতে হয় বর্ষীয়ান নেতা হুমায়ুনকে তিনি অপমানিত বোধ করেন। মসজিদ করবার জেদ চেপে যায় আরও বেশি।
তবে মঞ্চে মুখ্যমন্ত্রী তাঁর প্রায় একঘন্টার বক্তব্যে বারবার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন। প্রশাসনের মনে হয়েছে বিধায়কের বাবরি মসজিদ তৈরি মনোবাসনায় নষ্ট হয়ে যেতে পারে জেলার সম্প্রীতি। এদিকে বিধায়কের নাছোড় মানসিকতায় জেলার একাংশ মানুষ বেলডাঙামুখী। জাতীয় সড়কের পাশে এক ধানি জমিতে মসজিদ বানানো হবে বলেও গতকাল জমি বেছে এসেছেন বিধায়ক।
তাঁর এই মসজিদ শিলান্যাস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করে আসতে পারেন। কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে মুর্শিদাবাদে মসজিদ নির্মাণ হওয়া নিয়ে। সেই মামলার শুনানি আজ হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এসবের মাঝে জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর জেলা পুলিশ। প্রতিবেশী জেলা কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম থেকে যেমন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক আসছেন তেমনি আসছেন সাব-ইন্সপেক্টরও। জঙ্গিপুর পুলিশ জেলা থেকেও আসছে বাহিনী।
সুতিতে থাকা আট নম্বর ব্যাটেলিয়ান থেকে ও বাহিনী আসছে মুর্শিদাবাদ পুলিশ জেলায়। আজ দুপুরের মধ্যেই তাঁদের জেলায় পৌঁছে যাওয়ার খবর। বিকেল থেকেই সেই বাহিনীকে বহরমপুরের পাশাপাশি জেলার বিভিন্ন থানায় পাঠানো হবে বলে দাবি। তৈরি থাকছে সাধারণ প্রশাসনও। সাবেক ১৪৪ ধারা জারি করে জমায়েতে রাশ টানার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।
