
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সড়ক দূর্ঘটনার কবলে পড়ল অধীর চৌধুরীর কনভয়। ঘটনাটি ঘটেছে কান্দি থানা অন্তর্গত জীবন্তী এলাকায়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কান্দিতে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন প্রাক্তন সাংসদ। ফেরার পথেই এই দূর্ঘটনা ঘটে। ওই গাড়িতে ছিলেন কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল। আচমকা ধাকায় তাঁর ঘাড়ে আঘাত লাগে বলে জানান। আহত হন আরও এক কংগ্রেস কর্মী। কেতন জানান, ” জীবন্তির কাছে অধীর বাবুর কনভয়ের মধ্যে ঢুকে পরে একটি ট্রাক এসকর্ট গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়ির ঠিক পিছনেই ছিল অধীর বাবুর গাড়ি। অল্পের জন্য রক্ষা পান তিনি।”
সন্ধ্যা থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে জেলায়। তারমধ্যেই কান্দিতে দলীয় প্রার্থী সামিম রাণার হয়ে ভোট প্রচার করছিলেন অধীর। বহরমপুর ফেরার পথে তাঁর কনভয় এমন দূর্ঘটনার মুখোমুখি হয়। যদিও এই ঘটনাকে দূর্ঘটনা বলতে নারাজ কংগ্রেস। কেতনও দাবি করেন, ” অধীর বাবুর নিরাপত্তা নিয়ে এতটুকু চিন্তিত নয় প্রশাসন। তা না হলে তাঁর কনভয়ের মধ্যে বেপরোয়াভাবে একটি ট্রাক ঢুকতে পারতো না।” এরপরেই তিনি অভিযোগ করেন, ” দেখে মনে হচ্ছে নিশানায় ছিলেন অধীরবাবু। ” কীভাবে বুঝলেন এই ঘটনা ষড়যন্ত্রমূলক ? তাঁর দাবি, ” আপনারা দেখছেন প্রকাশ্য দিবালোকে বহরমপুরে অধীরবাবুকে আক্রমণ করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে এই ঘটনার মিল আছে। আমি তিরিশ মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ফোন করার পরেও পুলিশ আসেনি। ঘটনাগুলো মেলালে ষড়যন্ত্র বলেই তো মনে হচ্ছে। পুলিশের উচিত ছিল এসে এসকর্ট করে নিয়ে যাওয়া। কিন্তু এখনও একটা খবর পর্যন্ত নেওয়া হয়নি।”
পুলিশ সুপার সচিন মাক্কার বলেন, ” চালক সহ গাড়িটিকে কান্দি থানায় নিয়ে আসা হয়েছে।” লিখিত অভিযোগ না হলেও নির্দ্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান কান্দি থানার আইসি।
বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর বহরমপুর বিধানসভার প্রার্থী হয়েছেন ছাব্বিশের নির্বাচনে। পাশাপাশি জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা হওয়ার সুবাদে দলের জেলার দায়িত্বও এই প্রবীণ নেতার কাঁধে। নিজের প্রচারের পাশাপাশি অন্য প্রার্থীদের হয়ে প্রচারে তাঁকে যেতেই হয়। দলীয় প্রার্থীকে জিতিয়ে আনার লক্ষ্যে দিনরাত তিনি প্রচার করছেন। সেই কারণেই তিনি কান্দিতেও গিয়েছিলেন। এই ঘটনায় মানসিকভাবে তিনিও কিছুটা আতঙ্কিত বলে অন্য কংগ্রেস কর্মীরা দাবি করলেও কেতন বলেন, ” অধীর বাবুর জীবনে এইরকম ষড়যন্ত্রের ঘটনা নতুন নয়। তিনি এইসব মোকাবিলা করতে জানেন। তিনি শক্তই আছেন। আমরা একটু আতঙ্কিত হয়েছি আচমকা ঘটে যাওয়া এই ঘটনায়। ” বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।