বল্গাহীন রিলসের ছোঁয়া এড়িয়ে শিশু মন পেল নজরুলের সৃষ্টিসুখ

Social Share
সৃষ্টিসুখের খুদে শিল্পী গাইছে নজরুল গীতি

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ জৈষ্ঠের দাবদাহ থেকে রেহাই দিয়েছে কালবৈশাখী। সেই ঝড়ের কাছে যেমন মাথা নোয়াচ্ছে বনস্পতি, তেমনি মাঠেঘাটে পত পত করে উড়ছে নূতনের বিজয় কেতন। গো-বলয়ে জয়ধ্বনির সুর চড়ছে পাল্লা দিয়ে। তারই মাঝে বাঙালি দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের জন্মদিবস পালন করলেন নিজের মতো করে। মঙ্গলবার সন্ধ্যায় সান্ধকালীন ভ্রমণে অভ্যস্থ বহরমপুরবাসীও মাতলেন তাঁর সৃষ্টি সুখের উল্লাসে। জেলা গ্রন্থাগারের পাশে তিন মাথার মোড়ে নজরুল মূর্তির পাদদেশে বহরমপুরের সঙ্গীত সংস্থা ‘সৃষ্টি সুখ’ এর উদ্যোগে পালিত হয় নজরুল জয়ন্তী। সংস্থার কচিকাঁচারা তো বটেই ওই অংশ নিয়েছিলেন নজরুলগীতি শিল্পী পার্থ ভট্টাচার্য ও প্রণব চক্রবর্তী সহ অন্যরা।

হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মায়াজালে জড়িয়ে পড়ছে শৈশব, কৈশোর। শ্লীল-অশ্লীলতার ভেদ মুছে যাওয়া বল্গাহীন রিলস আর ছবির দৌলতে রবীন্দ্রনাথ, নজরুলও আজ রিলসের উপাদান। সেই সময় শিশুমনকে নজরুল কিংবা রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে পরিচয় ঘটানো অন্যতম কর্তব্য বলে যাঁরা মনে করেন তাঁদের মধ্যে একজন সাগরনীল বাগচি। সঙ্গীত শিল্পী সাগরনীলের উদ্যোগেই তৈরি হয় সৃষ্টি সুখ সঙ্গীত সংস্থা। এদিনও সংস্থার ১৪ জন শিশু ও কিশোর নজরুলের গান গেয়ে তাঁকেই স্মরণ করল সাগরনীলের প্রশিক্ষণে। এও এক ভরসার হাওয়া।

সংস্থার সভাপতি সুমন্ত দাস বলেন, ” আমরা কখনও কোনও দলের অনুষ্ঠানে অংশ নিয়ে কখনও সরকারি সংস্থার হয়ে রবীন্দ্রসদন কিংবা অন্যকোথাও এই ধরনের অনুষ্ঠান করলেও খোলা হাওয়ায় সন্ধ্যায় নজরুল জয়ন্তী পালন এই প্রথম।” একইভাবে এ বছর রবীন্দ্রসদনের সামনে পঁচিশে বৈশাখ ভোরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বলে জানান সুমন্ত।

তবে ঘাসফুল আমলে রবীন্দ্র ও নজরুলের জন্ম ও মৃত্যু দিবস যেভাবে পালিত হতে দেখেছেন বহরমপুরবাসী, পদ্ম আমলে তা অনেকটাই ম্লান ঠেকেছে তাঁদের কাছে। কেউ কেউ বিতর্কের গন্ধ পেয়েছেন তাতে। যদিও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ১১ জ্যৈষ্ঠ সকালে রবীন্দ্রসদনে পালিত হয় নজরুলের জন্মদিবস। সে কথা জানিয়ে দফতরের জেলা আধিকারিক খান্দোমা ভুটিয়া বলেন, ” সরকারি উদ্যোগে রবীন্দ্রনাথের মতো নজরুলেরও জন্মদিন পালিত হয়েছে রবীন্দ্রসদনে।”

রাজ্যবাসীকে ভরসার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে অভিষেক হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু এখনও পূর্ণাঙ্গ মন্ত্রীসভাই গঠন হয়নি বাংলায়। বিজেপি নেতাদের দাবি, জুনের প্রথম সপ্তাহেই এই কাজ সম্পূর্ণ হবে। আর তখনই গতি পাবে সরকারের আটকে থাকা নানান সিদ্ধান্ত। তারই ফলে রবীন্দ্রনাথের পর অনাড়ম্বরে পালিত হল নজরুলের জন্মদিবসও, এমনটাই মত আর এক মহলের। এই সরকার ক্ষমতায় এসেছে বিশদিনও হয়নি। এখনও মূল্যায়নের জায়গা তৈরি হয়নি বলে মনে করেন সাগরনীলও। তিনি বলেন, “আমরা এখনও ইতিবাচক মানসিকতাতেই আছি। আশা করি এই সরকার আমাদের নিরাশ করবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights