সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ তিনি দিলীপ ঘোষ। বিতর্কে এ বঙ্গে তাঁর জুড়ি মেলা ভার। সেই তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করেন। বলেন, ”উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।”
যার জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তড়িঘড়ি দিলীপ ঘোষকে দিল্লি থেকে শোকজ নোটিস পাঠানো হয়। বিজেপির মহাসচিব অরুণ সিংহের স্বাক্ষর করা সেই নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মন্তব্যের নিন্দা করা হয়েছে। একইসঙ্গে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই তারকা প্রার্থীদের উদ্দেশে তাঁর ‘রগড়ে দেব’ মন্তব্য এখনও ভোলেননি কেউ। আবার নির্বাচনী প্রচারে গিয়ে দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়ার পর দিলীপের মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরে বেরোতে বলেছিলেন। দাবি করেছিলেন, “তাহলে ভাঙা পা দেখানো যাবে।”
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী Kakoli Ghosh Dastidar দিলীপ ঘোষের মন্তব্যের কড়া নিন্দা করেছেন। বলেছেন বিজেপি যে মহিলাদের সম্মান দিতে পারে না, দিলীপ ঘোষের এই মন্তব্যেই ফের তা প্রমাণিত হয়েছে। তবে দিলীপ ঘোষ ফের তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল পার্টির মহিলা ভিকটিম কার্ড খেলা ছাড়া আর কোনও উপায় নেই। …”