সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলাফল ২০২৬-এ ধরে রাখতে এখন থেকেই ছক কষছে তৃণমূল। সেই লক্ষে জুলাইয়ের শুরুতে পঞ্চায়েত দফতরের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) গড়ার প্রস্তাব মন্ত্রীসভায় পাশ হয়ে যায়। একাধিক দফতরের প্রকল্পের কাজের গতি প্রকৃতি দেখাই ওই ইউনিটের প্রধান কাজ। যার মাথার উপরে আছেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। সেই কমিটি গড়ার লক্ষে সোমবার বিভিন্ন জায়গায় কর্মরত আটজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে বদলি করে এনে পিএমইউতে যুক্ত করা হল।
তালিকা অনুযায়ী, ১৯৯৫ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার রাহুল মজুমদারকে ওই ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করা হয়েছে। তিনি ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের ম্যানেজিং ডিরেক্টর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জয়েন্ট সেক্রেটারি ২০০২ ব্যাচের ব্রিজিত সুচিতা কুজুরকে পিএমইউ-র জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি প্রিয়াঙ্কা দেবকে পিএমইউ-র সিনিয়র ডেপুটি সেক্রেটারি করা হয়েছে। তিনি ২০০৪ ব্যাচের বিসিএস ক্যাডার।
এছাড়াও হাওড়ায় কর্মরত পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফসিলি উপজাতি উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার সৌগত মাইতি, পশ্চিম বর্ধমানে কর্মরত ডিএমডিসি পিয়ালী মন্ডল, কর্মীবর্গ দফতরের ওএসডি শুভঙ্কর ভট্টাচার্য, নদিয়া জেলা পরিষদে কর্মরত ডেপুটি সেক্রেটারি সায়ন দাশগুপ্ত ও কর্মীবর্গ দফতরের আর এক ওএসডি দেবর্ষি মুখোপাধ্যায় এই পাঁচজনকে পিএমইউ-র ডেপুটি সেক্রেটারি করা হয়েছে।
তবে এই কাজে গতি আনার বদলে সরকারের প্রস্তাবিত এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের দরুণ জেলায় জেলায় কাজের গতি শ্লথ হবে বলেই প্রাক্তন আমলাদের মত।