
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনার কবলে মুর্শিদাবাদের মারুতি ভ্যান। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সাগরপাড়ার ওই মারুতি ভ্যানটি করিমপুর থেকে পাঁচ জন যাত্রী নিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। করিমপুর থানার কাঁঠালিয়া ও মহিষবাথানের মাঝখানে ফাঁকা মাঠের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ উল্টোদিক থেকে আসা একটি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মারুতি ভ্যানের চালক সহ পাঁচ জনেরই। মৃতদের মধ্যে দু’জন মহিলাও আছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াসের বাসিন্দা স্কুল শিক্ষক সঞ্জয় সরকার ও তাঁর মা অনিমা সরকার মৃতদের তালিকায় আছেন। মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা ভ্যান চালক সুমন শেখের সঙ্গে ছিলেন ওই এলাকার আরও দুই বাসিন্দা মমতা সরকার ও সুলেখা। তাঁরাও মৃত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর বোঝাই একটি লরিকে ওভারটেক করে কৃষ্ণনগর থেকে করিমপুরমুখী একটি বেসরকারি বাস। সেই সময় উল্টোদিক থেকে আসা মারুতি ভ্যানটি সামনে পরে যায়। বাসটিকে পাস কাটাতে গেলে বাস ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বাসেরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন এসে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে করিমপুর থানার পুলিশ। ক্রেন নিয়ে এসে পুলিশ বাস ও মারুতিকে উদ্ধার করে। কীভাবে সাত সকালে এতবড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।