সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ মুর্শিদাবাদের রানিতলা থানার চর কৃষ্ণপুরে ইসমাইল সেখ নামে এক ব্যক্তির বাড়িতে ভোরে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় এক শিশু কন্যার। পুলিশ সূত্রে জানা যায়, বছর সাতেকের ওই শিশু কন্যার নাম তামান্না খাতুন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সীমান্তবর্তী আখরীগঞ্জ এলাকায়।
পুলিশের দাবি, মশা তাড়ানোর জন্য সাঁজাল দেওয়া হয়েছিল। তার থেকেই আগুন লেগে যায় বাড়িতে। সেই সময় ঘরেই ঘুমিয়ে ছিল ওই নাবালিকা। প্রতিবেশীরা জানান, আগুন দেখে ছুটে আসেন সকলে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। বাড়ির ভিতরে ঢুকে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। শিশুটির শরীর পুরো ঝলসে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকার মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃতুতে শোকের আবহ তৈরি হয়েছে গ্রামে।
শুক্রবার বিকেলে ওই থানার বেণীপুরে রান্নার উনুন থেকে আগুন লেগে পুড়ে যায় ঘরবাড়ি। অসতর্কতা থেকেই আগুন লাগে বলে দাবি পুলিশের।