
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আজ সোমবার, ঘটনার ৯২ দিনের মাথায় আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার বিচার পর্ব শুরু হবে শিয়ালদহ আদালতে। ডিসেম্বরের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ করে বিচারপর্ব শেষ করতে চাইছে সব পক্ষ। সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আশা করা হচ্ছে বিচার পাবে নির্যাতিতার পরিবার। এই ঘটনা বাদ দিলে গত তিন মাসে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় একাধিক ধর্ষণ ও গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্যভাবে নাড়া দিয়েছে কৃষ্ণনগরে এক তরুণীর মৃত্যু। বাদ নেই মুর্শিদাবাদও।
দ্রোহকালে মুর্শিদাবাদে একাধিক ধর্ষণের পাশাপাশি ঘটেছে গণ ধর্ষণের ঘটনাও। থানায় থানায় লেখা হয়েছে বধু নির্যাতনের ডায়েরি। লেখা হয়নি তারও বেশি নারী নির্যাতনের কথা। আড়ালেই থেকেছে সে সব। তেমনি সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে সমান্তরালভাবে। দ্রোহকালে একাধিক রোগী মৃত্যুর পেছনে হাসপাতালের পরিকাঠামোকেই কাঠগড়ায় তুলেছেন চিকিৎসকরা।

এসবের প্রতিবাদে রবিবার.বহরমপুরের থিয়েটার কর্মীরা ১২ ঘন্টা দ্রোহের সংস্কৃতির ডাক দিয়েছিলেন। গানে, কবিতায়, কথায়, নাটকে তাঁরা সরব ছিলেন দিনভর। যা নজিরবিহীন। ঐতিহাসিক ব্যারাকস্কোয়ার মাঠের পাশে বহরমপুরের থিয়েটার দলগুলির পাশাপাশি এ দিনের দ্রোহের সংস্কৃতিতে অংশ নিতে কলকাতা থেকে এসেছিলেন বিমল চক্রবর্তী, মন্দ্রাক্রান্তা সেন, সৌরভ পালধি, সীমা মুখোপাধ্যায়রা। ছিলেন বাদশা মৈত্রও। তিলোত্তমার ন্যায় বিচারের দাবির পাশাপাশি নারী সুরক্ষা ও স্বাধীনতা নিয়েও ফের সরব হলেন তাঁরা। উপস্থিত দর্শকদের আলোচনায় উঠে এল গত তিন মাসে কোথায় কী ঘটেছে মুর্শিদাবাদে।
ফরাক্কায় নাবালিকা ধর্ষণের ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিল বলে দাবি করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। ইতিমধ্যে সেই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করে ঘটনার কুড়ি দিনের মাথায় চার্জশীটও জমা দিয়েছে। আগামী ৬ নভেম্বর তাদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য করেছে কোর্ট। ডোমকলের মতো সীমান্তবর্তী এলাকাতেও চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

পুজোর মধ্যে বহরমপুরের অদূরে সন্ন্যাসীডাঙায় গণ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। হরিদাসমাটি এলাকার বছর ২৮-এর ওই তরুণী দুর্গাপুজোর মধ্যে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে সন্ন্যাসীডাঙা গিয়েছিল। সেখানে একটি বাগানের মধ্যে তাকে রেখে দিয়ে প্রেমিক চলে যায়। সেই সময় চার জন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে। সেখান থেকে পালিয়ে আসার পরে মেয়েটি পরের দিন বহরমপুর থানায় অভিযোগ করে। সেদিনই অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেফতার করে।
পুজোর ছুটি শেষে হরিহরপাড়া হাজি এ কে খান কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিগ্রহের অভিযোগ উঠেছে। ওই হরিহরপাড়াতেই গত বৃহস্পতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আবার শনিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় দু’মাসের শিশুকন্যা। অভিযোগ তারপরেই মৃত্যু হয় ওই শিশুর। শুধু তাই নয়, ওই একরত্তির শরীরে স্যালাইনের চ্যানেল দিতে গিয়ে হাতের পাঁচ জায়গায় সূঁচ ফোটান পেশাদার নার্স। অভিযোগ, মৃতের পরিবারের। স্বাভাবিকভাবেই ওই স্বাস্থ্যকর্মীর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে সামনে এসেছে ওই রোগীর পরিবারের প্রতি নার্সদের দুর্ব্যবহারের প্রসঙ্গও। যা নিয়ে ফের বড়সড় প্রশ্নের মুখে পড়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষ।
এর আগে একাধিকবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে ওই হাসপাতালের বিরুদ্ধে। দ্রোহকালে হাসপাতালের এই পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি সামনে এসেছে একাধিক দূর্নীতির কাহিনি। যে নিরাপত্তার দাবিতে নাগাড়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এখনও পর্যাপ্ত নিরাপত্তা তাঁরা পাননি, উল্টে নিরাপত্তা রক্ষী নিয়োগে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ উঠেছে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালে দালাল রাজত্বে লাগাম পড়ানো যায়নি।
দ্রোহের সংস্কৃতির আয়োজকরা বলেন, “তিলোত্তমা হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনিতে সারা রাজ্য, রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ, কাঁটাতারের বেড়া টপকে গোটা পৃথিবী মুখর। শুধু তাই নয়, এই বিচারের দাবির সঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয়েছে রাজ্যজুড়ে চলমান ধর্ষণ-খুন, হুমকি-সংস্কৃতি ও পাহাড় প্রমাণ দুর্নীতি। তার কবল থেকে এও এক মুক্তির লড়াই।”