
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বেলাগাম গরমে নাজেহাল মানুষ। বাতাসের সঙ্গে মিশছে আদ্রতাও। স্বাভাবিকভাবেই বাড়ছে অস্বস্তিও আর এই গরমে স্কুলে আসতে গিয়ে কষ্ট হচ্ছে পড়ুয়াদের। চিকিৎসকরা তাপ প্রবাহ হয় এড়িয়ে যেতে না হয় উপযুক্ত সুরক্ষা নিয়ে ঘরের বাইরে বেড়তে বলছেন। হাওয়া অফিসও হাওয়া বদলের ইঙ্গিত তেমন দেয়নি রাজ্যের সব জেলার ক্ষেত্রে। আর তাই রাজ্যের শিক্ষা দফতর আগামী কাল শুক্রবার ও পরশু শনিবার পঠন পাঠন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার। বেশ কিছু জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই এই সিদ্ধান্ত বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুর্শিদাবাদের আকাশে অবশ্য মেঘ রোদ্দুরের খেলা চলছে বৃহস্পতিবার।
মুর্শিদাবাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি সুদীপ সিংহ রায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ” এত গরমে ক্লাস করানো মুশকিল হচ্ছিল। সরকার পড়ুয়াদের কথা ভেবে যে সিদ্ধান্ত নিয়েছে তার জেরে পড়ুয়ারা গরমের হাত থেকে রবিবার সহ তিনদিন ঘরে থাকার সুযোগ পাবে।” আবহাওয়ার পরিবর্তন না হলে এই ছুটি বাড়ানোর পক্ষেও সওয়াল করেন এই শিক্ষক নেতা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ” সরকার সময়ের ছুটি অসময়ে দেয়। আগের একমাস ছুটি না দিয়ে এখন দিলে এইভাবে ভেঙে ভেঙে ছুটি দিতে হত না।”
তিনি দাবি করেন, ” ৬৫ দিন ছুটি দেখিয়ে সরকার বাধ্য হয় প্রায় ৮০ দিন ছুটি দিতে। তার থেকে আগের নিয়ম ফিরিয়ে আনা হলে স্কুল বছরে ৮০টি ছুটি পাবে স্কুলগুলি। বাড়িতি ছুটির প্রয়োজন হবে না।” তা যদি নাও হয় অন্তত জেলা অনুযায়ী স্কুল ছুটির বন্দোবস্ত করুক সরকার, দাবি তাঁর।