সংবাদপ্রতিনিধি, মুর্শিদাবাদঃ রাত পোহালেই দেশে তৃতীয় দফার নির্বাচন। সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দুটি আসন জঙ্গিপুর আর মুর্শিদাবাদেও নির্বাচন হবে। ওইদিন উপনির্বাচন হবে ভগবানগোলা বিধানসভাতেও।
দুই লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ওই আসনেই তৃণমূলের প্রার্থী হয়েছেন আবু তাহের খান। বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষই ওই আসনে দলের সাংসদ নির্বাচনে লড়াই করছেন। যদিও নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই তিন দলের প্রার্থী ছাড়াও এই আসনে মোট ১১ জন প্রার্থী লড়াই করছেন। তারমধ্যে চারজন প্রার্থী নির্দল।
মুর্শিদাবাদ লোকসভা আসনে মোট ১৮ লক্ষ ৮৮ হাজার ৯৭ জন ভোটার কাল ভোট দেবেন। তারমধ্যে সবচেয়ে বেশি ভোটার আছে ভগবানগোলাতেই। তথ্য অনুযায়ী এই বিধানসভা আসনে ২ লক্ষ ৭৭ হাজার ৩৫২ জন ভোটার রয়েছেন। ৮৫ ঊর্ধ ভোটার রয়েছেন ১০ হাজার ৮৪০ জন। ১৮-১৯ ঊর্ধ ভোটার আছেন ৪৬ হাজার ৯৩ জন।মুর্শিদাবাদ লোকসভায় মোট বুথ আছে ১ হাজার ৯৩৮টি। তার মধ্যে ৮৮টি মহিলা বুথ ও ৮টি মডেল বুথ। তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন আছে ৭১৫টি। সূত্রের দাবি, এই লোকসভা আসনে মোট ১২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই লোকসভায় সাধারণ, পুলিশ ও অর্থবিষয়ক তিনজন পর্যবেক্ষক রয়েছেন।
অন্যদিকে জঙ্গিপুর আসনে তৃণমূলের খলিলুর রহমান এবারেও প্রার্থী হয়েছেন। তাঁর প্রতিপক্ষ হিসেবে বাম-কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন ওরফে বকুল যেমন লড়াই করছেন তেমনি ওই আসনে বিজেপি’র হয়ে ভোট যুদ্ধে নেমেছেন ধনঞ্জয় ঘোষ।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এই কেন্দ্রে মোট ১৪ ব্যক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন। তারমধ্যে পাঁচ জন প্রার্থী নির্দল হিসেবে অন্যদের চ্যালেঞ্জ করেছেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের মানুষের মন টেনেছেন সেলিম, তৃণমূলের দাবি ভোটের প্রচার
জঙ্গিপুর লোকসভা আসনের সাতটি বিধানসভায় মোট ১৮ লক্ষ পাঁচ হাজার ৩৬০ জন ভোটার আছেন। সব থেকে বেশি ভোটার আছেন সুতি বিধানসভায়। তথ্য অনুযায়ী ওই বিধানসভায় মোট ২ লক্ষ ৭৭ হাজার ২৬৪ জন ভোটার আছেন। ৮৫ ঊর্ধ ভোটার রয়েছেন ৬ হাজার ২২১ জন। ১৮-১৯ ঊর্ধ ভোটার আছেন ৪২ হাজার ৭৮৫ জন। এই আসনে মোট বুথ আছে এক হাজার ৮৫১টি। তার মধ্যে ৭৯টি মহিলা বুথ ও ৪টি মডেল বুথ। তারমধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন আছে ৭৬২টি। সূত্রের দাবি এই লোকসভায় ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।