Murshidabad: দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

Social Share

সংবাদ প্রতিনিধি, বহরমপুরঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় শেষ লগ্নে এসে দুই পরীক্ষার্থীর মৃত্যু হল মুর্শিদাবাদে। একজনের নাম প্রীতম দাস অন্যজনের নাম নাভিল শেখ। দুজনের মুর্শিদাবাদের উত্তর অংশের বাসিন্দা।

প্রীতম সুতির মুরালীপুকুর হাইস্কুলের ছাত্র। বিশেষভাবে সক্ষম এই পড়ুয়া ঔরঙ্গাবাদ হাইস্কুলে মঙ্গলবার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। তাঁকে মহেশাইল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। প্রতিবন্ধকতাকে হারিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রীতম। পরিবারের পাশাপাশি তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন প্রীতমের শিক্ষকরাও।

অন্যদিকে মঙ্গলবার ফরাক্কার অর্জুনপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নাভিলের। আহত হয় আরও দুই ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কান্তামোড় এলাকায় বাইক ও মোটর চালিত ভ্যানের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয় তিনজন ছাত্র। স্থানীয় বাসিন্দা ও ফরাক্কা থানার পুলিশের সহযোগিতায় আহত ছাত্রদের উদ্ধার করে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা নাভিলকে মৃত বলে ঘোষণা করেন। ফরাক্কা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights