
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম শরিফা বিবি (২৫)। প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তা লাগোয়া একটি আম বাগানের মধ্যে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে। প্রায় সাত বছর আগে হরিহরপাড়া থানার ইমামনগরের শরিফার সঙ্গে শঙ্করপুরের মুর্শেদ শেখের বিয়ে হয়। মৃতের পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে খুন করে শরিফাকে আম বাগানে ফেলে রেখে পালিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামী মুর্শেদ সম্প্রতি অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেই মহিলাকে ফোন করাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। এ নিয়ে গ্রামে সালিশি সভাও বসেছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। ওই বিবাদের জেরে কয়েক দিন আগে শরিফা বাবার বাড়ি চলেও গিয়েছিল। বুধবার সকালে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে আসার পরে ফের নতুন করে স্বামী-স্ত্রী’র মধ্যে বিবাদ বাধে। তার জেরে ওই খুন বলে পুলিশ মনে করছে।