
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক কীটনাশক খাওয়া এক রোগীর মৃতদেহ। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবারের খবর। রবিবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই হাসপাতাল চত্বরে। ঘটনার সত্যতা জানতে তড়িঘড়ি চারজনের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কতৃপক্ষ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে- বছর পঞ্চান্নর সাফাতুল্লা শেখ নামে এক ব্যক্তি কোনও অজ্ঞাত কারণে বিষ খায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রবিবার ভোরে পরিবার সদস্যরা রোজার ‘সেহেরি’ করতে হাসপাতালের বাইরে যান।
তাঁরা ফিরে এসে দেখেন বাথরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে সাফাতুল্লা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবার সদস্যদের মধ্যে।
মৃতের পরিবারের এক সদস্য বলেন, সাফাতুল্লা শেখের দীর্ঘদিন ধরে কিছু মানসিক সমস্যা ছিল ।সেই কারণে তাঁর চিকিৎসাও চলছিল। যখন সে সুস্থ হয়ে উঠছিল তখন হঠাৎই ভোররাতে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। দেহটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।