বারুইপুরে বিরোধী দলনেতাকে ‘হেনস্থা’, পথে বিজেপি

Social Share
বহরমপুর থানার সামনে শাখারভের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। সেই ঘটনায় রাজ্য বিজেপি’র অভিযোগ, তাঁদের দলের কর্মীদের মারধর করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিরোধী দলনেতার ওপর হামলার অভিযোগও তোলেন তাঁরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য বিধানসভা থেকে বহরমপুর সর্বত্র বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।

বৃষ্টি উপেক্ষা করে সভাপতি শাখারভ সরকারের নেতৃত্বে পথে নামেন বিজেপি’র বহরমপুর সংগঠনের নেতা কর্মীরা। একটি মিছিল শহর পরিক্রমা করে বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। তৃণমূল মেরুকরণের রাজনীতি করছে বলে দাবি করেন সংগঠনের সভাপতি শাখারভ সরকার। রাজ্যের শাসক দলের বিধায়কদের ‘ডানপিটে বিধায়ক’ বলে সম্বোধন করে প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাখারভ বলেন, “এই জেলার এক ডানপিটে বিধায়কও বিরোধী দলনেতাকে এই জেলায় ঢুকতে না দেওয়া সহ একাধিক নিদান দিয়েছেন বিধানসভার পরিষদীয় দলের কাছে বিধান পেয়ে। তার বিরুদ্ধেও আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। তৃণমূল হাজার চেষ্টা করলেও বিজেপির বিজয়রথ থামাতে পারবে না।” পরিস্থিতি যাতে উত্তেজিত না হয় সেই কারণে বিজেপি’র কর্মসূচি ঘিরে মুর্শিদাবাদ জেলা পুলিশ ছিল তৎপর।

বারুইপুরের ঘটনার কথা নিজেই জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, “বারুইপুরের কর্মসূচির জন্য প্রয়োজনীয় সমস্ত অনুমতি বিজেপির আগেই ছিল। বারুইপুর জেলা পুলিশ, দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ প্রশাসন রাস মেলার মাঠ থেকে এসপি অফিস পর্যন্ত মিছিল, লাউডস্পিকারের ব্যবহার এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েতের জন্য অনুমতি দিয়েছিল।”

শুভেন্দুর দাবি, ” তা স্বত্তেও স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারুইপুর জেলা পুলিশ এবং তোলামূলের দুষ্কৃতীদের দিয়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করার সবরকম চেষ্টা করেছে। বিক্ষোভ প্রদর্শনের আড়ালে তাদের পক্ষ থেকে বিজেপি বিধায়ক ও কর্মী সমর্থকদের উপর তৃণমূলের এক বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীদের লেলিয়ে দেওয়া হয়েছিল এবং দুর্ভাগ্যজনক ভাবে দুষ্কৃতীদের আক্রমণের সময় পুলিশ দলীয় ভৃত্যের ন্যায় নীরব দর্শকের ভূমিকায় ছিল।”

ওই ঘটনার প্রতিবাদে আজ বিধানসভায় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিধানসভার বাইরে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ান হয় বিজেপি বিধায়কদের পক্ষ থেকে। জেলায় জেলায় বিজেপি কর্মীরা কোথাও পথ অবরোধ কোথাও থানা ঘেরাওএর মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রসঙ্গত, বুধবার রাতে বারুপুর পুলিশ থানায় ইমেলের মাধ্যমে ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেছে পুলিশ। তাছাড়াও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। তৃণমূল অবশ্য বিজেপি’র অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights