
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল রবিবার। বিজ্ঞান বিষয়ে মানুষকে সচেতন করতেই গড়ে উঠেছিল এই মঞ্চ। মুর্শিদাবাদ জেলায় বিজ্ঞান মঞ্চের অন্যতম পুরোধা সুনীতি বিশ্বাস প্রয়াত হন ২০২১ সালে। প্রয়াত এই শিক্ষকের স্মরণে ২০২২ সাল থেকে মে মাসেই এই শিবিরের আয়োজন করে আসছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা।
বহরমপুর টেক্সটাইল কলেজের উল্টোদিকে চৌতারা’য় এদিনের রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। শিবিরের উদ্বোধন করে প্রাথমিক বক্তব্য রাখেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জে এন পাল। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক জয়ন্ত বিশ্বাস। গরমে রক্তের টান পড়ে ব্লাড ব্যাঙ্কে। সেই সময় এই ধরনের শিবির রক্তের যোগানে খুব উপকারি হয়ে ওঠে বলে দাবি করেন চিকিৎসকরা। ধারাবাহিকভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করায় বিজ্ঞান মঞ্চের কর্মীদের প্রশংসা করেন তাঁরা।
পরে টেক্সটাইল কলেজের একটি ঘরে স্বেচ্ছায় রক্তদান করেন পড়ুয়া থেকে শিক্ষক সহ সকল স্তরের মানুষজন। বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ” এদিন নানান বয়সের পঞ্চাশজন ব্যক্তি রক্তদান করেছেন। তবে সদ্য আঠারোয় পা দেওয়া ছাত্র ছাত্রীরা সংখ্যায় বেশি ছিলেন এদিন।” রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, শিক্ষক দেবজ্যোতি বিশ্বাস সহ বিশিষ্টরা। মিশন ইউনিভার্সের পক্ষ থেকে একটি করে গাছের চারা ও শংসাপত্র তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে।