
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে শুক্রবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন একটি স্কুল পুলকার এবং এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দুমড়েমুচড়ে যায় পুলকারটি। তার ভিতরে আটকে পড়ে কয়েকজন খুদে পড়ুয়া। গুরুতর আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া সহ তিনজনের। মৃত পথচারী জামসেদ শেখ (৫০) এর বাড়ি বহরমপুর থানার ডাবকই এলাকার বাসিন্দা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ একটি ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ করা হয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলতেই অপেক্ষমাণ যানবাহন একে একে রেললাইন পার হতে শুরু করে। অভিযোগ, ঠিক সেই সময়ই দ্রুতগতিতে ছুটে আসা নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন স্কুল পুলকার ও একটি সাইকেলকে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, রেল কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় দুই পড়ুয়াসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, লেভেল ক্রসিংয়ের গেট খোলার পরই দ্বিতীয় ট্রেন চলে আসে। গেটম্যানের গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। যদিও এই অভিযোগের বিষয়ে রেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া থেকে চারজন সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করা হবে।