অসুস্থ আনিসুরের বাড়িতে মইনুল, ঘরে ফেরার তাগিদ ?

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ এক দশকের বেশি অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান। কালী পুজোর দুপুরে তাঁকে দেখতে ডোমকলের বাড়িতে গেলেন রাজ্যের প্রাক্তন সাংসদ মইনুল হাসান। সেই খবর নিজেই তাঁর ফেসবুক দেওয়ালে দিয়েছেন মইনুল। আনিসুরকে স্কুলের প্রাক্তনী সম্বোধন করে মইনুল লিখেছেন ” উজ্বল মুহূর্ত। ভাল থাকবেন মন্টু দা।” একি সৌজন্য? না কি হাত কচলানো ? তবে কি মন খারাপ ? তাই কি উৎসবের দুপুরে উল্টে দেখা স্মৃতির পাতা ? ঘরে ফেরার তাগিদ? নানা প্রশ্নে ঘুরপাক খেলেন নেটাগরিকরাও।

আনিসুর দুই দশক ছিলেন বামফ্রন্টের মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। টানা তিন দশক ডোমকলের বিধায়ক আনিসুরের শিড়ে ও শিরায় বইছে লাল নিশান। আজও তিনি কাস্তে-হাতুড়ি-তারার বাহক। প্রাসঙ্গিক ডোমকলেও। সেই সিপিএমে ছিলেন মইনুলও। কিন্তু ২০১৮ সালে লাল সালু ছেড়ে কাঁধে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল। সিপিএম তাঁকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। আজ তৃণমূলেও প্রাক্তন মইনুল। ছাব্বিশের নির্বাচন ঘোষণার অনেক আগেই তিনি দলনেত্রীকে ‘বিদায়’ জানিয়ে দল ছেড়েছেন বলে নিজেই দাবি করে জানিয়েছেন। যদিও মমতার হাতেও আজ আর নেই জোড়া ফুল। পদ্ম কাঁটায় জেরবার ঘাস ফুলের নাম মুছে গিয়েছে নির্বাচন কমিশনের খাতা থেকেই। রাজ্যে উড়ছে গেরুয়া পতাকা। টালমাটাল বিরোধী শিবির। দেশের রাজনীতির পথ অনুসরণ করে রাজ্যে “ফ্যাসিস্ট বিজেপির পথ রুখতে” জোট বাঁধতে গিয়েও প্রতি মুহুর্তে হোঁচট খাচ্ছেন তাঁরা। যাঁদের নিয়ে জোট বাঁধার কথা তাদের নিয়েই সন্দেহ। সিপিএম নেতৃত্ব দাবি করেছেন “চোর ও চর থেকে সাবধান”। এইরকম অবস্থায় মইনুলের গায়ে নেই কোনও রাজনৈতিক দলের উত্তরীয়। আর সেই সময় তিনি গেলেন সিপিএমের প্রবীণ নেতা আনিসুরের বাড়ি।

বলছেন, ” দলে নেই ঠিকই। কিন্তু আমি রাজনীতিতে আছি।” বর্তমান রাজনীতির সব কিছুই তিনি পর্যবেক্ষণ করছেন বলেও জানান। কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপি বিরোধী জোট হিসেবে কি বামফ্রন্ট আর তৃণমূলের জোট বাঁধা প্রয়োজন ? মইনুল বলেন, ” সবাইকে নিয়ে লড়াই করতে হবে। কাউকে বাদ রেখে হবে না। প্লেনে ওঠার আগে একরকম আর প্লেন থেকে নামতে নামতে মত বদল করলে হবে না। আর তা যদি হয় সময়ের দাবিতে মানুষ তাদের পিছনে ফেলে এগিয়ে যাবে।” একইসঙ্গে তিনি এটাও দাবি করেন, ” এটা ঠিক পারলে সিপিএমই পারবে।” আর তা হবে নেতৃত্ব বদলালে, দাবি এই প্রবীণের।

ঘরে ফেরার তাগিদ অনুভব করছেন ? মইনুল বলছেন, ” সে তো সব সময়ই মনে পড়ে। ওই দলটাই তো আমার প্রথম পরিচিতি ছিল।” সেই দলের সৌজন্যেই তিনি হয়েছিলেন রাজ্য সভার সাংসদ। তবে আনিসুরের বাড়ি যাওয়ার সঙ্গে তার সিপিএমে ফিরে আসা না আসা বা সেই সম্পর্কিত কোনও বিষয়ই নেই বলেও তিনি দাবি করেছেন। বলেন, ” মন্টু দা মানে আনিসুর রহমান আমার স্কুলের প্রাক্তনী। একসঙ্গে একসময় একদল করেছি। দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার জলঙ্গী বাড়ি গিয়েছিলাম। তাঁকে ফোন করে জানিয়েছিলাম যাব। সেইমতো গিয়ে দেখা করে এসেছি। এর মধ্যে রাজনীতি, সিপিএম, তৃণমূল কিছু নেই।” একইসঙ্গে তিনি জানান ” মন্টু দা এখন ভাল আছেন। তাঁর স্ত্রী কবিতা যথেষ্ট পরিশ্রম করে তাঁকে যত্নে রেখে ধীরে ধীরে সুস্থ করে তুলছেন।” আর সেই প্রসঙ্গেই তিনি বলেন, ” সিপিএমের কেউ খোঁজ খবর নেয় না। পরিবারের ফোনও ধরে না। ব্রাত্য করে রেখেছে দল।” আর এখানেই তাঁকে একহাত নিয়েছেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানা। তিনি বলেন, ” আনিসুর দা ২০১৬ থেকে অসুস্থ। উনি এতদিন কোথায় ছিলেন। এখন এসেছেন দরদ দেখাতে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ডোমকলে এসে আনিসুর দার বাড়িতেই থাকেন। জেলা সম্পাদক জামির মোল্লা, সচিদানন্দ কান্ডারি দা সকলেই যান। আসলে উনি ভেসে থাকতে চাইছেন। তাই এইসব কথা বলছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights