
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ একের পর এক পুলিশের এনকাউন্টারে অপরাধীদের মৃত্যু হচ্ছে রাজ্যে। সোমবার ফের ধর্ষক খুনে অভিযুক্ত রায়গঞ্জের দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। পাল্টা পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় দিলীপের। বারুইপুর দিয়ে শুরু। তারপর গাইঘাট, শমসেরগঞ্জের পর রায়গঞ্জ।
একই পদ্ধতিতে চারজন অভিযুক্তের মৃত্যু হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে আক্রমণের মুখে পরেছে পুলিশ। প্রাণে বাঁচতে পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্তদের, দাবি পুলিশের। আর সেই মৃত্যুর প্রসঙ্গেই মুখ খুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধীর বলেন, ” পশ্চিমবঙ্গে একটা রেগুলার ইন্টারভেল মানে কয়েকদিন পর পরই এনকাউন্টারের নামে যে শাস্তি প্রদানের ব্যবস্থা হচ্ছে এটা কিন্তু বাংলার জন্য ভালো হচ্ছে না। আমি অপরাধীকে রক্ষা করার জন্য বা অপরাধীকে বাঁচানোর জন্য এ কথা কিন্তু বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে পদ্ধতিতে তা হচ্ছে সেটা ছেলেখেলা হয়ে যাচ্ছে।”
ঘটনা একঃ ৮ জুলাই ২০২৬, ঘটনাস্থলঃ বারুইপুর। একটি ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে, পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয় বলে দাবি করে পুলিশ।
ঘটনা দুইঃ ২৭ অক্টোবর ২০২৬, ঘটনাস্থলঃ গাইঘাটা। একাদশ শ্রেণির এক নাবালিকা প্রতিবেশীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেলুন কর্মী প্রহ্লাদ দাস ও ঘটনার পুননির্মাণের সময় পুলিশের রিভলভার কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সেই গুলিতেই মৃত্যু হয় প্রহ্লাদের, দাবি পুলিশের।
ঘটনা তিনঃ ২৭ অক্টোবর ২০২৬, ঘটনাস্থলঃ শমসেরগঞ্জ মুর্শিদাবাদের শমসেরগঞ্জে রাজনৈতিক কর্মী খুনে অভিযুক্ত সামাউল হক পুলিশের গুলিতে মারা যান। এক্ষেত্রেও পুলিশ নিজেকে বাঁচাতে অভিযুক্তকে গুলি করে বলে দাবি।
অধীর বলেন, ” প্রত্যেকটা জায়গায় একই যুক্তি, একই অজুহাত, একই ওজর। পুলিসের রিভলভার কাড়ছে, রিভলভার কেড়ে গুলি করছে, করার জন্য, পুলিসকে বাঁচানোর জন্য গুলি চালানো হচ্ছে, সেই গুলিতে মৃত্যু হচ্ছে। এটা ইউপির মডেল। সেইটাকে আমদানি করা হয়েছে বাংলায়।” যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। পুলিশ যা খুশি করুক।” অধীর সেই পুলিশের দক্ষতা নিয়েই এদিন প্রশ্ন তুলেছেন। বলেছেন, ” বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাহলে পুলিশ ফেল? আগে তো পুলিশকে ধরা উচিত যে তোমাদের রিভলভার কি করতে দিয়েছি? অপরাধী তোমাদের রিভলভার কেড়ে নিচ্ছে কেন? সেই অদক্ষতাটা কেন এখানকার পুলিশের? যে প্রত্যেকবার অপরাধী সে ছিঁচকে চোর হোক, সে দর্শক হোক, প্রত্যেকবার অপরাধী পুলিসের রিভলভারটাই কাড়ছে, আর কিছু কাড়ছে না। কেড়েই এবার গুলি চালাচ্ছে কিন্তু গুলি মিস হচ্ছে। আমাদেরকে লালিপপ খাওয়ানো হচ্ছে যেন আমরা কিছুই বুঝি না, সব সরকার বোঝে আর পুলিস বোঝে।” একইসঙ্গে তিনি বলেন, ” একটা জিনিস তো প্রমাণ হলো যে এ বাংলায় ধর্ষণ আজও চলছে। নাবালিকা সাবালিকা ধর্ষণ আজও চলছে, আজও অপরাধ ঘটে চলেছে। এবং বাংলায় নারীরা আজও নিরাপদ নয়।”
ভারতীয় ফৌজদারি আইনে এনকাউন্টার কিলিং আজও বিতর্কিত।
এনকাউন্টার কিলিংঃ পুলিশি অভিযানের সময় অভিযুক্ত অপরাধীদের মৃত্যু — ভারতে একটি বিতর্কিত বিষয়। যদিও প্রায়শই অপরাধ বা সন্ত্রাসবাদ দমনের জন্য প্রয়োজনীয় বলে দাবি করা হয়েছে।, এই ধরনের হত্যাকাণ্ড বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। ভারতীয় ফৌজদারি আইনশাস্ত্র স্পষ্টভাবে “এনকাউন্টার”-কে অনুমোদন দেয় না, এবং এর বৈধতা নির্ভর করে কোন পরিস্থিতিতে এটি ঘটে তার উপর।
১. সাংবিধানিক এবং আইনি কাঠামো
অনুচ্ছেদ ২১ – জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার:
আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া জীবনের অধিকার কেড়ে নেওয়া যায় না।
একটি এনকাউন্টার কিলিং তখনই বৈধ যখন এটি আইনসম্মত আত্মরক্ষা বা জনকর্তব্যের একটি আইনসম্মত কাজের কাঠামোর মধ্যে পড়ে।
২। ভারতীয় দণ্ডবিধি (আইপিসি):
ধারা ৯৬–১০৬ আইপিসি বা বিএনএস (BNS)-এ ধারা ৩৪ থেকে ৪৪ (Sections 34 to 44): আইন প্রয়োগকারী সংস্থাসহ যেকোনো ব্যক্তিকে ব্যক্তিগত/আত্মরক্ষার অধিকার প্রদান করে। তবে, বলপ্রয়োগ অবশ্যই আনুপাতিক এবং প্রয়োজনীয় হতে হবে।
৩।আইপিসি-র ধারা ২৯৯ ও ৩০০ বা বিএনএস ১০০ ও ১০১: কোনো ব্যক্তিকে হত্যা করা দণ্ডনীয় নরহত্যা বা খুন বলে গণ্য হবে, যদি না ব্যতিক্রম দ্বারা সুরক্ষিত থাকে (যেমন, আত্মরক্ষা)।
৪. আইপিসি-র ধারা ১০০ বিএনএস ৩৮: আত্মরক্ষার্থে হত্যা করার অনুমতি দেয় শুধুমাত্র যখন গুরুতর আঘাত বা মৃত্যুর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে।
দেশের শীর্ষ আদালতের রায়ঃ
প্রকাশ কদম বনাম রামপ্রসাদ বিশ্বনাথ গুপ্ত (২০১১)
সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভুয়ো এনকাউন্টার ঠান্ডা মাথার খুন ছাড়া আর কিছুই নয় এবং যে পুলিশ কর্মকর্তারা এটি করেন তাদের বিচার করা উচিত এবং বিরলতম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।
পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) বনাম মহারাষ্ট্র রাজ্য (২০১৪)
একটি যুগান্তকারী রায় যেখানে সুপ্রিম কোর্ট পুলিশি এনকাউন্টারের ক্ষেত্রে অনুসরণীয় ১৬টি নির্দেশিকা নির্ধারণ করে দেয়, যার মধ্যে রয়েছে: বাধ্যতামূলকভাবে এফআইআর নথিভুক্তকরণ, সিআইডি বা অন্য কোনো থানা দ্বারা স্বাধীন তদন্ত, ম্যাজিস্ট্রিয়াল তদন্ত,
বিচার বিভাগীয় পর্যালোচনা এবং এনএইচআরসি-কে প্রতিবেদন প্রদান
ওম প্রকাশ বনাম ঝাড়খণ্ড রাজ্য (২০১২)
আদালত এই রায় দেয় যে পুলিশ কর্মকর্তাদের জন্য কোনো সার্বিক দায়মুক্তি নেই এবং এনকাউন্টারে হত্যার ঘটনা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশন বাধ্যতামূলক করেছে: মামলার অবিলম্বে নথিভুক্তকরণ, স্বাধীন তদন্ত, এবং ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।