
বিদ্যুৎ মৈত্র, বহরমপুর: মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতেছে বিজেপি। নেতৃত্ব দিয়েছেন মলয় মহাজন। মেয়াদ ফুরানোর আগেই তাঁকে সোমবার বহরমপুর সংগঠনের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলেন শুভেন্দু-শৌমিক জুটি। ওই পদে ফিরিয়ে আনা হল শাঁখারভ সরকারকে। এবার ফিরলেন বিধায়ক হয়ে। বিজেপির অন্দরে একাংশের খবর, মুর্শিদাবাদ ও বহরমপুরে দুই নেতা গৌরীশঙ্কর ঘোষ ও শাঁখারভকে সামনে রেখে জেলায় সংগঠন শক্তিশালী করতে চাইছেন বিজেপি’র রাজ্য নেতারা
বিজেপি মুর্শিদাবাদের সংগঠনকে ভেঙে তিন টুকরো করেছিল ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে। গৌরীশঙ্কর সেই সময় ছিলেন বিজেপির অবিভক্ত বহরমপুর সংগঠনের জেলা সভাপতি। তাঁর মেয়াদ উত্তীর্ণ হওয়া ও সংগঠনের বিভক্ত হওয়ায় নতুন সভাপতি হন শাখারভ। তাঁকে সামনে রেখে লোকসভা নির্বাচনে নামে বিজেপি। যদিও সে যাত্রায় বহরমপুর আসন জিততে পারেনি গেরুয়া বাহিনী, কিন্তু আশা জাগিয়ে ইনিংস শেষ করেছিলেন পেশায় ট্যাক্স কনসালটেন্ট শাঁখারভ। কিন্তু ভোট পরবর্তী সময়ে বুথ স্তর থেকে তাঁর বিরোধীতা শুরু হয় সংগঠনে। অর্থ নয় ছয়ের অভিযোগ ওঠে শাঁখারভের বিরুদ্ধে। দূরত্ব তৈরি হয় বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত ওরফে কাঞ্চন মৈত্রের সঙ্গে। পরিবর্তনের আশায় বিজেপিতে তখন বইছে মলয় বাতাস। শাঁখারভকে সরিয়ে মলয় মহাজনকে ওই পদে বসানো হয়। এবার ‘সুখের সময়’ মহাজনি নৌকা ছেড়ে বহরমপুরের বিজেপি কর্মী সমর্থকদের জন্য শুরু হল শাখারভ সিজন ২।
উজ্বল স্কোর বোর্ড, তবু কেন ক্যাপ্টেনসি হাতছাড়া মহাজনের ?
এর উত্তর নেই বিজেপি’র একাংশ জেলা নেতাদের কাছে। শাখারভের ফিরে আসায় অনেকেই অবাক হয়েছেন। তবে সভাপতি পদ শুধু নয়, মহাজনের যাত্রাপথ বারবার খুঁড়ে দিয়েছেন তাঁরই সতীর্থরা। বড়ঞা বিধানসভার পর্যবেক্ষক হওয়ায় ২০২৬ সালের সাধারণ নির্বাচনে সেখানে তাঁর প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু শেষপর্যন্ত তাঁর বদলে প্রার্থী করা হয় সুখেন বাগদিকে। জেলা কার্যালয়ে বসে ছায়া মানুষকে খোঁজা ছাড়া সেদিন মলয়ের কিছু করার ছিল না। সংগঠনে যুক্তি দেওয়া হয়, এক নেতা এক পদ নীতির জন্যই তিনি টিকিট পাননি। সেই দুঃখ কিছুটা লাগু হয় রাজ্যে বিজেপি ক্ষমতা পাওয়া ও একলপ্তে তাঁর আওতাধীন সাত বিধানসভার মধ্যে চারটিতেই উড়েছে গেরুয়া পতাকা। সংগঠনে মন দেন ফের। রেজিনগর বিধানসভা পুননির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়া ইস্তক সেখানকার বুথে বুথে মানুষের মন যাচাইয়ে নেমে পড়েন। সংগঠনে তাঁর অনুরাগীরা ধরে নেন মলয়কেই দল প্রার্থী করে দেবে যুদ্ধ জয়ের পুরস্কার। কিন্তু বিধি বাম। এবার সকলকে চমকে দিয়ে শাখারভকে টিকিট দেয় রাজ্য বিজেপি। বিতর্কিত সেই ম্যাচ জিতে বিধানসভায় শপথ নেন বিধায়ক শাখারভ। সভাপতির চেয়ারে মহাজন আউট আর ইন সেই শাখারভই। কিন্তু কেন ? প্রশ্ন আছে মুখে কুলুপ উত্তর জানা কার্যকর্তাদের।
কেন নেতা হিসেবে বেছে নেওয়া হল শাঁখারভকে ?
রেজিনগর বিধানসভায় প্রার্থী থেকে দলের নেতা, বিজেপি’র রাজ্য নেতাদের চোখে এখন শাঁখারভ ইস দ্যা ফার্স্ট চয়েজ,তাই তিনিই সর্বত্র বিরাজমান। প্রশ্নের উত্তরে ছুটে এল কটাক্ষ এক জেলা কার্যকর্তার মুখ থেকে। তাঁদের অনেকেই অপছন্দ শাঁখারভকে, এমনটাও দাবি করলেন। বিজেপিতে শাখারভ এক নেতা কিন্তু বহু পদে আসীন। কেন শাঁখারভকেই বেছে নেওয়া হয় বারবার? শোনা গেল বিজেপি’র একজন অফিস সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর স্নেহধন্য রেজিনগরের বিধায়ক। অমিতাভ চক্রবর্তীর ইশারাতেই রেজিনগরের বিধায়ক হয়ে ফের দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান ফিরে পেয়েছেন তিনি। এমনটাই মত বিজেপি’র বর্তমান জেলা কার্যকর্তাদের একাংশের।
তবে এর বাইরেও আরও একটা মত আছে। বিজেপির বিদায়ী জেলা সভাপতির বিরুদ্ধে রাজ্যে একাধিক অভিযোগ জমা পড়েছিল। বিশেষ করে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ জমা পড়েছিল। ছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসতেই খেলার মাঠ থেকে বিভিন্ন সরকারি জায়গায় তাঁর পক্ষের লোকজন দখল করতে চাইছিল জায়গা। যা ভাল চোখে নিচ্ছিলেন না বিজেপি কার্যকর্তাদের একটা বড় অংশ। জেলা প্রাথমিক স্কুলে রদবদলই হোক কিংবা জেলা পরিষদ অভিযান সবকিছুতেই মহাজনি চালের বিরুদ্ধাচরণ করেছেন বলেই দাবি তাঁদের। দাবি, ” মহাজনের আচরণে দলের নাম ডুবছিল বহরমপুরে।” ভিড় বাড়ছিল শাখারভের দরজায়। তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয় বার জেলা সভাপতি হয়ে শাঁখারভ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, ” আমার কাছে দল আগে। দল না থাকলে মন্ত্রীত্বও থাকবে না।” শাখারভের দ্বিতীয় ইংনিসে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মহাজনের আমলে কোণঠাসা কার্যকর্তাদের একটা অংশ। সেই ভিড়ে মিশেছিলেন মহাজনের অনুগামীরাও।
বহরমপুরের বিধায়কের সঙ্গে সম্পর্ক কি ফিরবে ?
শাঁখারভের প্রথম ইনিংস যখন শুরু হয় তখন বহরমপুর বিজেপিকে মান্যতা দিয়ে সুব্রত ওরফে কাঞ্চন মৈত্রকে বিধায়ক হিসেবে বেছে নিয়েছে। কিন্তু সভাপতি শাঁখারভের সঙ্গে তাঁর দূরত্ব আজ সর্বজনবিদিত। বিধায়ক বামে গেলে দক্ষিণে যেতেন শাঁখারভ। বহরমপুরের বিধায়ককে সরিয়ে রাজ্য নেতারাও সংগঠনের ভার দিলেন সেই শাঁখারভকেই। কিন্তু কেন ? ভাবাচ্ছে কাঞ্চন শিবিরকেও। বিধায়ক হিসেবে কাঞ্চনের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বার যখন সভাপতির চেয়ারে বসলেন শাঁখারভ তখন তিনিও বিধায়ক, তবে রেজিনগরের। হেভিওয়েট অধীর চৌধুরীকে হারিয়েও মন্ত্রীত্ব না পাওয়ায় কাঞ্চন শিবির ছায়া মানুষ হিসেবে শাখারভকে বেছে নিলে সেই দাবিতে সিলমোহর দিতে দ্বিধা করেননি শাঁখারভ শিবির। দ্বিতীয় বার বিধায়ক হয়ে কাঞ্চন পাখির চোখ করেছেন বহরমপুর পুরসভাকে। নির্বাচনে জিততে গুটিও সাজাচ্ছিলেন। এমন সময় শাঁখারভ ফিরলেন সভাপতি পদে। স্বাভাবিকভাবেই কাঞ্চনের ছন্দপতনের আশঙ্কা করছেন অনেকেই। তবে সূত্রের দাবি, সংগঠনের সঙ্গে দূরত্ব প্রথম থেকেই বিধায়কের। দ্বিতীয় বার নির্বাচনে জিতে তাঁর সঙ্গে এলাকার মানুষের দূরত্ব তৈরি হয়েছে হাতিনগর পঞ্চায়েতের মতো একাধিক জায়গায়। পুজোর সময় তা প্রত্যক্ষ করেছেন এলাকার মানুষ। সেখানে মুর্শিদাবাদের গৌরীশঙ্করের প্রতি মানুষের ভরসা বেড়েছে, যা নম্বর কমিয়েছে বহরমপুরের বিধায়কের। এবার গৌরীর পাশে দাঁড়িয়ে শাঁখারভ মানুষকে ভরসা দিয়ে বিজেপির নম্বর বাড়াবেন বলে মত নয়া সভাপতির শিবিরের।