সোনার দোকানে শ্লীলতাহানির অভিযোগ বহরমপুরে, গ্রেফতার দোকানের মালিক

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুরে সোনাপট্টি এলাকার এক সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যা নিয়ে রীতিমতো সরগরম শহর বহরমপুর। এদিনের এই ঘটনার পর তিনটি শ্লীলতাহানির ঘটনা ঘটল শহরে। নারী নিরাপত্তার প্রশ্নে চিন্তিত শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়া সোনাপট্টি এলাকায় সঞ্জিত ধর নামের এক ব্যবসায়ী তাঁর দোকানে সোনার সামগ্রী কিনতে যান। কিন্তু আধ ঘন্টা সময় লাগবে বলে তাঁকে জানান ওই ব্যবসায়ী। তখন ওই তরুণী খিদে পেয়েছে বলে দোকানের বাইরে খাবার কিনতে গেলে অভিযুক্ত ব্যবসায়ী তরুণীকে একটি আপেল কিনে দেন। আর বলেন দোতলায় গিয়ে খেতে। এরপর শো-রুমের দোতলায় গিয়ে ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করেন ষাটোর্ধ ওই ব্যক্তি। সেই সময় তরুণী ঘটনাস্থল থেকে ছুটে এসে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করেন। আর তা শুনে ছুটে আসেন এলাকাবাসী। খবর যায় খাগড়া পুলিশ ফাঁড়ি্তে।

আরও পড়ুনঃ নয়া ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে শেষ হল স্কুল পড়ুয়াদের জেলাস্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

পুলিশ নির্যাতিতা তরুণীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় দোকানের মালিককেও। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের কথায় সন্দেহ হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। আগামীকাল ধৃতকে আদালতে তোলা হবে।

দিন কয়েক আগে বহরমপুরের ২০ নম্বর ওয়ার্ডে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এক স্কুল পড়ুয়াকে বহুতলের ছাদ দেখাতে যাওয়ার নাম করে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে ওই বহুতলের এক কেয়ারটেকারের বিরুদ্ধে। সেই দুটি ঘটনা ফিকে হয়ে যাওয়ার আগে ফের একবার শ্লীলতাহানির ঘটনা ঘটল পুর এলাকায়।

এদিন বহরমপুর বুলিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজীব ধর ঘটনার নিন্দা করে বলেন ” ঘটনাটি দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না।” তাঁর আরও দাবি ” এই ধরনের ঘটনা সোনাপট্টির ইতিহাসে নেই। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও এই প্রথম এত বড় অভিযোগ উঠল। তবে বিষয়টি এখন আইনের আওতায়। আইন আইনের পথেই চলবে। সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই।” ঘটনার নিন্দা করে এক বাসিন্দা অর্পিতা চক্রবর্তী বলেন, ” বাড়ির বাইরে মেয়েকে একা পাঠানোই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights