
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের ভূমিপুত্র অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচীর জীবনাবসান হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মুর্শিদাবাদের যদুপুরে ১৯৩৬ সালে তাঁর জন্ম হয়।তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তী সময়ে প্রেসিডেন্সী কলেজ অধুনা প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। সেখান থেকে কেমব্রিজের ট্রিনিটি কলেজ।
“ভারতে বেসরকারী বিনিয়োগ এবং আংশিক পরিকল্পনা” বিষয়ে কেমব্রিজ থেকে গবেষণা করেন। পাশাপাশি কেমব্রিজের অর্থনীতি বিভাগে অধ্যাপনাও করেন। পরে গবেষণা শেষ করে কলকাতায় ফিরে আসেন। প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে যোগ দিয়েছিলেন।
কৃষ্ণনাথ কলেজ স্কুলের আর এক প্রাক্তনী দেবজ্যোতি বিশ্বাস শোক প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। তিনি লিখেছেন, ” ২০০৩ সালে স্কুলের সার্ধশতবার্ষিকীর উদযাপন কমিটির তিনি ছিলেন সভাপতি। এই সময় তাঁকে কাছ থেকে দেখা তাঁর কথা শোনার সুযোগও হয়েছে। তাঁর বক্তৃতা ছিল মননশীল, সরস। ভারী ভাল লাগত শুনতে।”
কয়েক বছর আগে ওই স্কুলে রাজা কৃষ্ণনাথ ও মণীন্দ্রচন্দ্র নন্দীর মূর্তির উদ্বোধন করতে এসেছিলেন প্রাক্তনী অমিয় কুমার বাগচী এবং সুজিত বসু ( সংখ্যাতত্ত্ববিদ ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য)ও। সে কথার উল্লেখ করে দেবজ্যোতি লিখেছেন, ” সেখানেও অমিয় বাবুর বক্তৃতার ঝলকানি শুনলাম, অত বড় বিদ্বান মানুষ আর আমরা অতি সাধারণ, কিন্তু তাঁর কথা এক লহমায় এই দূরত্ব ঘুচিয়ে দিতে পারতো, আমরা যেন তাঁর আপনজন হয়ে উঠতাম।” বামপন্থী এই অর্থনীতিবিদের প্রয়াণে রিক্ত হল মুর্শিদাবাদ।