
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ একসময় রাজ্যের মধ্যে সুনাম কুড়িয়েছিল বহরমপুর পুরসভা। অন্ধকার গলি থেকে আলোয় ভরেছিল শহর। কংগ্রেস আমলের সেই ধারা আজও বজায় রেখেছে শাসক দল তৃণমূল পরিচালিত পুরবোর্ড। শহরের প্রবীণ বাসিন্দাদের দাবি, “এখন আরও সিস্টেমেটিক হয়েছে পুর পরিষেবা।” এখন রাতেও রাস্তা থেকে আবর্জনা কুড়োনোর ব্যবস্থা করেছে পুরসভা। কিন্তু পুরবাসী আজও অভ্যস্থ নিজের সুবিধামতো যত্রতত্র নোংরা আবর্জনা ফেলতে।
বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে আসতে এখন আর খোলা ডাস্টবিন ট্রাক্টর চোখে পড়ে না শহরে। পুরনো যে দু-চারটে আছে তাও আস্তে আস্তে সরিয়ে ফেলে নতুন ট্রাক্টর কিনছে পুরসভা। শহরের অলিগলির ময়লা, আবর্জনা পরিস্কার করতে আচ্ছাদিত ২৪টি মিনি ট্রাক্টর এখন চলে। পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের আশ্বাস, ” এখন তিন বেলা শহর পরিস্কারের কাজ হয়। আগামী দিনে তা বেড়ে ছ ‘বার হবে।” তারজন্য আরও ট্রাক্টর সহ অন্যান্য সরঞ্জামের প্রয়োজন।
সেই অভাব মেটাতে নতুন আরও চারটি আচ্ছাদিত মিনি ট্রাক্টর কিনেছে পুরসভা। বুধবার বহরমপুর পুরসভায় সবুজ পতাকা নেড়ে সেই গাড়ির উদ্বোধন করেন পুরপ্রধান। উপ-পুরপ্রধান সহ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সহ পুরসভার অন্য কর্মীরাও। একইসঙ্গে চারটি জেসিবি ও দুটি এক্সকাভেটর মেশিন কেনা হয়েছে। ওই যন্ত্রগুলিরও এদিন উদ্বোধন করেন নাড়ুগোপাল। কার্যনির্বাহী আধিকারিক বলেন, ” আর্থিক সীমাবদ্ধতা নিয়েই এই আধুনিক সরঞ্জামগুলি কেনা হয়েছে উন্নয়ন তহবিল থেকে।” বহরমপুরবাসীর কাছে যত্রতত্র নোংরা না ফেলতে অনুরোধও করেছেন তিনি।