সংবাদপ্রতিনিধি, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের তিন আসনই জিতেছে তৃণমূল। ইভিএম ও পোস্টাল ব্যলট মিলিয়ে জনতার রায়ে বহরমপুরের মতো হেভিওয়েট আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। অথচ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে বহরমপুর ও মুর্শিদাবাদ আসনে পোস্টাল ব্যলটে তৃণমূল ও কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে পদ্ম শিবির।
বহরমপুরে বিজেপি ৩ হাজার ৭৮৯টি পোস্টাল ব্যালটের মধ্যে ভোট পেয়েছে এক হাজার ৫১৫টি। কংগ্রেস পেয়েছে এক হাজার ৩২৩টি। সেখানে তৃণমূল পেয়েছে ৮৮৬টি ভোট। মুর্শিদাবাদ লোকসভা আসনেও বিজেপি পোস্টাল ব্যলটে ভোট বেশি পেয়েছে। ২ হাজার ৩৪৩টি ব্যলটের মধ্যে তাদের প্রাপ্ত ভোট এক হাজার ১৮টি। ওই আসনে সিপিএম সবথেকে কম ৪৯৪টি পোস্টাল ভোট পেয়েছে।
ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান পোস্টাল ভোট পেয়েছে ৭৬৮টি। তবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ইভিএমের মতোই পোস্টাল ব্যলটে বেশি ভোট পেয়েছে। ২ হাজার ৬৭১টি পোস্টাল ব্যলটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৭৮টি ভোট। কংগ্রেসের মুর্তজা হোসেন বকুল পেয়েছেন ৬৮৫টি ভোট আর বিজেপি’র ধনঞ্জয় ঘোষ পেয়েছে ৯৪৬টি ভোট।
আরও পড়ুনঃ টিম গেম শেখালেন ডেভিড, জিতলেন তিন আসন