
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ এখনও স্পষ্ট বহরমপুরের হরিদাসমাটি এলাকার কিশোর রনি হালদারের মৃত্যু কান্ড। সদ্য অভিযুক্ত রিন্টু হালদারকে দোষী সব্যস্ত করে সাজা দিয়েছে আদালত। আর তা ফিকে হওয়ার আগে মুর্শিদাবাদের রানিনগরে বুধবার এক বালককে খুন করল যুবক। দশম শ্রেণির পড়ুয়া ওই বালকের নাম রবিউল শাহ ওরফে রানা। কাতলামাড়ির মুন্সিপাড়ার এক কলাবাগানে তার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটে নাগাদ তার গলাকাটা দেহ উদ্ধার হয়।
পুলিশের দাবি, রোজকার মতো সকালে গরুর ঘাস কাটতে গিয়েছিল রবিউল। কিন্তু সময় পেরিয়ে গেলেও বাড়ি না ঢোকায় সন্দেহ হয় পরিবারের। এদিক ওদিক জিজ্ঞাসাবাদ সহ খোঁজখবর শুরু হয়। বেলা আড়াইটে নাগাদ ওই কলাবাগানে তার গলা কাটা ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি ধারাল ছুরিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই রবিউলকে খুন করেছে ধৃত আরিফ শেখ। যদিও কী নিয়ে তাদের মধ্যে পুরনো বিবাদ তা অবশ্য স্পষ্ট করেনি পুলিশ। বছর কুড়ির আরিফও কাতলামারির বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে। তাকে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের স্পষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে পুলিশ।
এদিকে এলাকার পরিচিত মুখে রবিউল এইভাবে খুন হয়ে যাওয়ায় শোকের ছায়া নেমেছে মুন্সিপাড়ায়।