থানার রূপ বদলে ছিলেন অরূপ, তাঁর বদলিতে চোখে জল হরিহরপাড়ার

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ পুলিশ। তিন অক্ষরের এই শব্দ কানে এলে চমকে ওঠে ছেলে থেকে বুড়ো এমনকি মহিলারাও। অথচ সদ্য প্রাক্তন আইসি অরূপ রায়ের জন্য চোখের জল বাগ মানছে না হরিহরপাড়া থানার মানুষের। অন্য অনেক কিছুর মতোই মুর্শিদাবাদেও এ যেন এক উলট পূরাণ। রাজ্য গোয়েন্দা বাহিনীতে এরপর যোগ দেবেন অরূপ। যেদিন তাঁর এই বদলির নির্দেশ আসে, তার কয়েক মুহুর্ত পরেই সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে নানান কথা কাহিনীও। অনেক চেষ্টা করেও নিজেকে ঠেকাতে পারলেন না অরূপ। শনিবার থানা ছাড়ার সময় চোখের কোণ চিকচিক করে উঠল এই দুঁদে দারোগারও।

ওসি হিসেবে অরূপ রায় মুর্শিদাবাদে একাধিক থানাতে কর্মরত ছিলেন। ওই পদেই তিনি বদলি হয়ে হরিহরপাড়া থানার ভার নিয়ে আসেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেখানেই তাঁর পদোন্নতি। সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হন অরূপ। হরিহরপাড়া থানা সরকারি নির্দেশে আইসি পরিচালিত থানা হলে ওই থানাতেই তাঁর বদলি হয়। সেদিক থেকে থানার প্রথম আইসিও তিনি। ধীরে ধীরে এই থানা একদিন হয়ে ওঠে সাধারণের আনন্দ আশ্রম।

অথচ পুলিশের সঙ্গে এই থানা এলাকার মানুষদের সম্পর্ক এমন ছিল না আজ থেকে তিরিশ বছর আগেও। ১৯৯২ সালের ২ নভেম্বর এক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে থানা এলাকা। পুলিশের গুলিতে নিহত হন সাতজন নাগরিক। সেই দিনটিকে স্মরণে রেখে মদন সরকারদের উদ্যোগে আজও এলাকায় পালিত হয় শহিদ দিবস। বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া সেদিনে ইতি টেনে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী হন মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার সৌমেন মিত্র। সাল ১৯৯৯। রাজ্য পুলিশে তখনও যোগ দেননি অরূপ। সেই সময় হরিহরপাড়া থানায় হরিণের আমদানি করে সৌমেন স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন চন্দ্রদীপ হরিণ উদ্যান। অরূপ সেই কাজকে এগিয়ে নিয়ে গিয়ে সেখানে তৈরি করেছেন আনন্দ সরোবর। নিজের খরচায় তৈরি করেছেন ফুটবল অ্যাকাডেমি। আগামী ২০৩০ পর্যন্ত এই অ্যাকাডেমির ব্যয় চালানোর ভার নিয়েছেন তিনিই।

নিজে ভাল গাইতে পারেন। লিখতে পারেন। আওড়াতে পারেন কবিতাও। তাঁর সেই টানেই আশ্রম হয়ে উঠেছিল বাউল ফকিরদের আখড়া। সকাল সন্ধা আশ্রম থেকে ভেসে আসত বাউলের সুর। আশ্রমের উদ্যোগে সাধারণ মানুষের জন্য অনুষ্ঠিত হয়েছে বাউল ফকির পালা গানের আসর। মহালয়ার আগের রাতে এখানেই শোনা গিয়েছে বৈঠকি গান। উদ্যোক্তা সেই পুলিশ অরূপ। হরিহরপাড়ার মানুষ পুলিশকে ভয় নয় ভরসা পেতে শুরু করে তার হাত ধরে। রাষ্ট্র যন্ত্র নয় খাঁকি উর্দিতে অরূপ হয়েছিলেন বন্ধু। সঙ্গে সমানতালে সামলেছেন এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার মতো গুরুভার। তাঁকে বিদায় জানাতে এসে সে কথাই বলছিলেন থানায় ভিড় করে আসা মানুষেরা। পুলিশ কর্তাদের কেউ কেউ স্বীকার করলেন, ” এই চরিত্রই তাঁকে যেমন অন্যদের থেকে আলাদা করেছে, তেমনি পুলিশের কাজও সহজ হয়েছে তাঁর চরিত্রগুণেই।”

শুধু কি সাধারণ মানুষ ? এই হরিহরপাড়া বিধানসভার শাসকদলের নেতা, বিরোধী দলের নেতাদের একমঞ্চে আনার কারিগরও অরূপ। তাঁর ডাকে যেমন এসেছেন একদা তৃণমূলের নিয়ামত শেখ, আবু তাহের খান, তেমনি ডাক ফেরাতে পারেননি সিপিএমের ইনসার আলি বিশ্বাসও। তাঁকে এদিন বিদায় জানাতে এসেছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদারও। বদলে যাওয়া রাজনীতিতেও মোরগের ডাকে ঘুম ভাঙে হরিহরপাড়ার, আশ্রম থেকে ভেসে আসে বাউলের সুর, সরোবরে নির্দ্বিধায় ঘুরে বেড়ায় হাঁস, বক। অরূপ বদলে দিয়েছেন পুলিশের রূপ। বদলি হলেন অন্য বিভাগে। যেতে যেতে বললেন, ” বদলির চাকরি, যেতে তো হবেই। তবে হরিহরপাড়াকে সত্যিই ভোলা দায়!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights