মোদি রাজ্যে বহুতল ভেঙে মৃত ৭, সুরাটে ধ্বংসস্তুপের নিচে অনেকে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ঘটনার পর কেটে গিয়েছে ১৭ ঘন্টা। ভেঙে পড়া বহুতলের নিচ থেকে এখনও উদ্ধার হয়নি অনেকে। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শনিবার সুরাটের সচিন পালি গ্রামে একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে। তার জেরে ধবংসস্তুপেই আটকে পড়েন বহু আবাসিক। উদ্ধার কাজ শুরু হলে সাত জনের মৃত্যুর খোঁজ মিলেছে। এখনও উদ্ধার হয়নি বহু বাসিন্দা। গুরুতর আহত অন্তত পনের জন।

চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক সংবাদ সংস্থা এএনআইকে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, “”সারা রাত উদ্ধার অভিযান চলেছে। সকাল সাতটা নাগাদ একজন মহিলা সহ এখনও পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছে।” একইসঙ্গে উদ্ধারকারীদের অনুমান ধ্বংসস্তুপের নিচে আর কোনও মৃতদেহ আটকে নেই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। 

২০১৭ সালে এই ছ’তলা ভবনটি নির্মাণ করা হয়। পাঁচটি পরিবার এই বহুতলে বসবাস করতেন। শনিবার দুপুর পৌনে তিনটে নাগাদ বহুতলটি যখন ভেঙে পড়ে তখন অনেকেই কর্মস্থলে ছিলেন। রাতের শিফটে যাঁরা কাজে যেতেন তারাই নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন সেই সময়। আবাসিকরা স্থানীয় একটি টেক্সটাইল কারখানায় কাজ করেন। মূলত তারাই ওই আবাসনে ভাড়ায় থাকতেন বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদসংস্থা।

পুলিশ ওই বাড়ির মালিকের খোঁজ শুরু করেছে। যদিও মালিক জয় দেশাই বিদেশ ভ্রমণে রয়েছেন বলে পুলিশের দাবি। সুরাটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) রাজেশ পারমার বলেন, ” এখনও কতজন আটকে আছেন তা এখনও স্পষ্ট নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights