সংবাদপ্রতিনিধি, মুর্শিদাবাদঃ কড়া প্রহরায় মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের প্রতিটি বুথ। যান্ত্রীক ত্রুটি সহ একাধিক কারণে দু-একটি জায়গায় এখনও ভোট গ্রহণ শুরু না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সময়ে শুরু হয়েছে ভোট দান। ডোমকল, জঙ্গিপুর, হরিহরপাড়ার কয়েকটি জায়গায় এজেন্টকে হেনস্থা করবার অভিযোগ তোলে বিরোধীরা। শঙ্করপুরের মতো কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে। যদিও পরিস্থিতি আপাতত শান্ত।
ডোমকলে ভোট সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম বলেন আমাদের লোকজন তা প্রতিহত করেছে।
গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ। সিপিএমের অভিযোগ, দলীয় এজেন্টকে মারধর করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিপিএম এজেন্টের মোটরবাইক, হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।
মুর্শিদাবাদ লোকসভায় মোট বুথ আছে ১ হাজার ৯৩৮টি। উত্তেজনা প্রবণ বুথ রয়েছে ৭১৫টি। ভোটার প্রায় ১৯ লক্ষ। জঙ্গিপুর লোকসভা আসনের সাতটি বিধানসভায় মোট ১৮ লক্ষ পাঁচ হাজার ৩৬০ জন ভোটার আছেন। মোট বুথ আছে এক হাজার ৮৫১টি। উত্তেজনা প্রবণ বুথ রয়েছে ৭৬২টি।