
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক নাবালক সহ চারজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাক বাংলো-জামিয়া কাটান এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম ইজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ এবং আসিফ শেখ। সকলেই ফরাক্কার উত্তর মহাদেবপুরের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটা নাগাদ জামিয়া কাটান এলাকায় একটি মোটরসাইকেলে চারজন আরোহী ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় ফরাক্কার অভিমুখী একটি কন্টেনার দ্রুত গতিতে এসে কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এক নাবালককে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ দেখাতে থাকেন জাতীয় সড়ক অবরোধ করে। তাঁদের অভিযোগ, স্থানীয় থানার সিভিক ভলান্টিয়াররা জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলকারী গাড়ি থেকে বেআইনিভাবে টাকা আদায় করে। এদিনও সেই চেষ্টা করা হয়। তখন ঘাতক কন্টেনারটি পালাতে গিয়ে বাইককে বেপরোয়াভাবে ধাক্কা মারে। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কিছুক্ষণ বচসাও হয়। পরে জঙ্গিপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের সচল হয় জাতীয় সড়ক।