সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ফের ধাক্কা খেলেন সরকারি কর্মচারীরা। বাংলায় সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে লড়াই দীর্ঘদিনের। হাইকোর্ট, কর্মীদের পক্ষে রায় দিলেও তা চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি হয় ২০২২ সালের ২৮ নভেম্বর। এরপর গত বছর নভেম্বরে মামলার শেষ শুনানি হয় শীর্ষ আদালতে। সোমবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শীর্ষ আদালত তা পিছিয়ে পরবর্তী দিন দেয় ডিসেম্বরে।
সরকারি কর্মীদের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবি ফিরদৌস শামিম অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন আইনজীবি অভিষেক মনু সিংঘভি। অভিষেক আদালতকে জানান এই বিষয়ে শুনানির জন্য দীর্ঘ সময় প্রয়োজন। তা শুনে দুই বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ পরে এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়ে দেন।
২০১৬ সাল থেকে ডিএ-র দাবিতে মামলা চলছে। যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট ছুঁয়ে শীর্ষ আদালতে পৌঁছেছে। স্যাট সহ প্রায় সব ক্ষেত্রেই জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ ডিএ পায়। আজকের শুনানি শেষে কর্মীদের পক্ষে রায় গেলে প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হত রাজ্য সরকারের। আপাতত তা স্থগিত হল শীর্ষ আদালতে শুনানি না হওয়ায়।