কমছে ভাল লিটল ম্যাগাজিনের সংখ্যাও

Social Share

তুষার ভট্টাচার্য, বহরমপুরঃ সাহিত্য সংস্কৃতির শহর বহরমপুরে একদা মণীশ ঘটক সম্পাদিত ‘বর্তিকা ‘র মতো সিরিয়াস লিটল ম্যাগাজিন প্রকাশিত হত l দীপঙ্কর চক্রবর্তী সম্পাদিত ‘ অনীক ‘ পত্রিকা এই শহর থেকে প্রকাশিত হয়ে সাড়া ফেলে  দিয়েছিল  উত্তাল সত্তর দশকে পশ্চিমবঙ্গে l

এই শহর থেকেই  একদা  প্রকাশিত হত উৎপল কুমার গুপ্ত সম্পাদিত ‘ সময় ‘ পত্রিকা, শুভ চট্টোপাধ্যায়  সম্পাদিত ‘রৌরব’ পত্রিকা , অপূর্ব ভট্টাচাৰ্য সম্পাদিত ‘ জলসিড়ি ‘ ( এই পত্রিকাটি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এখনও ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে l বর্তমানে সম্পাদনা  করছেন অনুপম ভট্টাচাৰ্য ), বিমল চক্রবর্তী সম্পাদিত ‘ উত্তরকাল ‘ অচিন্ত্য বসু সম্পাদিত ‘ ঋকদৃক ‘, কৃষ্ণেন্দু ঘোষ সম্পাদিত ‘ক্যামেলিয়া ‘ শুভশ্রী ভট্টাচাৰ্য সম্পাদিত ‘ চারুবাক ‘, নারায়ণ ঘোষ সম্পাদিত ‘ গান্ডিব ‘ প্রভৃতি পত্রিকা এক সময়ে যথেষ্ট সিরিয়াস  সাহিত্য পত্রিকা হিসেবে খ্যাতি অর্জন করেছিল l

বর্তমানে বহরমপুর শহর থেকে তেমন ভাল লিটল ম্যাগাজিন খুব কম প্রকাশিত হচ্ছে l  এই শহরের সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যাও  এ বছর খুব বেশি নজরে পড়ছে না বুক স্টলগুলিতে l

এর মূল কারণ বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা সাহিত্যের আঙিনায় তেমনভাবে আর  উঠে আসছেন না l মুঠোফোন আর বোকা বাক্সের দৌলতে এখন মুঠঠি মে দুনিয়া হয়ে যাওয়ায় সাহিত্য নির্ভর গল্প উপন্যাসের বই  এবং পত্রপত্রিকার আকর্ষণ একদম তলানিতে চলে গেছে l যার ফলে নতুন নতুন লিটল ম্যাগাজিনের জন্ম আর খুব বেশি  হচ্ছে না l

বাংলা সাহিত্যের প্রকৃত রক্ত মাংস বা সূতিকাগার হচ্ছে লিটল ম্যাগাজিন l সত্তর আশির দশকে  এই শহরে কলেজে পড়তে পড়তে লিটল ম্যাগাজিন প্রকাশ করতেন তরুণ তুর্কি ছাত্র ছাত্রীরা l এখন আর সেই লিটল ম্যাগাজিনের আন্দোলনের ঢেউ  আর তেমন নেই l

তবু আশার কথা  সাহিত্য সংস্কৃতির  শহর  বহরমপুর থেকে এখনও কিছু সিরিয়াস লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে l সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত ‘ অর্কেস্ট্রা ‘ পত্রিকা আজ সারা বাংলায় প্রথম সারির মননশীল লিটল ম্যাগাজিন হিসেবে পরিচিতি লাভ করেছে l নির্মল সরকার সম্পাদিত ‘ ‘সূর্যসেনা ‘ ছোটদের সাহিত্য পত্রিকা হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছে l

এছাড়া  সমরেন্দ্র রায়  নিয়মিতভাবে প্রকাশ করছেন ‘ সমিধ ‘ অনুপম ভট্টাচাৰ্য প্রকাশ করছেন ‘জলসিড়ি ‘  কুশল বাগচীর মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির মুখপত্র’ শব্দমৌলি ‘  অভিজিৎ রায়ের ‘ আকাশ ‘ কৌশিক বড়ালের ‘ অন্বি ‘ হৈমন্তী বন্দ্যোপাধ্যায়ের ‘ পজ্যন্ত ‘ গোপাল বসাকের ‘ সহজাত ‘ তাপস সরখেলের ‘ উপসেক ‘ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ অমলকান্তি ‘ দেবাশিস সাহার ‘ ছাপাখানার গলি  ( আলোচনার পত্রিকা ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে বহরমপুর শহর থেকে l

তবে  সাম্প্রতিককালে  বহরমপুর শহরে লিটল ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে  ভাঁটার টান l সংশয় হচ্ছে  তরুণ প্রজন্ম যদি উঠে  না আসেন  বাংলা সাহিত্যের আঙিনায়, প্রকাশ না করেন   নতুন নতুন লিটল ম্যাগাজিন তবে বহরমপুর থেকে কিংবা মুর্শিদাবাদ জেলা থেকে একেবারে নতুন লেখক কবি উঠে আসবেন কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights