
সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রীর স্ব-আলোচিত বই ‘প্লাবন জল’ -এর আলোচনা শুনতে এসে নিজের কথা সংবাদ হাজারদুয়ারির জন্য লিখলেন খ্যাতিমান সাহিত্যিক নীহারুল ইসলাম।
মুর্শিদাবাদ জেলায় ‘পরের পৃষ্ঠা’ নামে একটি সংস্থার জন্ম হয়েছে মাস ছয়েক হল। যাদের মূল উদ্দেশ্য বই-বিমুখ এই সমাজে নতুন করে বই পড়ানোর আগ্রহ সৃষ্টি করা। নাম ‘বই আলোচনা’। প্রথম অধিবেশনটি হয়েছিল গত জুলাই মাসে। স্বপ্নময় চক্রবর্তীর ‘জলের উপর পানি’ উপন্যাসটি নিয়ে বলেছিলেন অধ্যাপক মননকুমার মণ্ডল। দ্বিতীয় অধিবেশনটি আগস্ট মাসে।

রবিশংকর বলের ‘দোজখনামা’ উপন্যাস নিয়ে বলেছিলেন অধ্যাপক আব্দুল কাফি। তৃতীয় অধিবেশনটি ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ‘আত্মচরিত’ নিয়ে। বক্তা ছিলেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী। চতুর্থ অধিবেশনটি ছিল ‘উপনিবেশবাদ মুক্ত প্যালেস্তিনীয় চেতনা ও হায়দার ঈদ’কে নিয়ে। বক্তা ছিলেন অর্ক ভাদুড়ী। পঞ্চম অধিবেশনটি ছিল Fatma Moussa-Mahmoud-এর Sir William Jones and The Romantics’ নিয়ে। আলোচক ছিলেন অধ্যাপক আবুল হাসনাত।
আগের এই পাঁচটি অধিবেশনে আমন্ত্রণ থাকা সত্বেও যেতে পারিনি ব্যক্তিগত কারণে। তবে শুনেছিলাম ‘পরের পৃষ্ঠা’ বহরমপুর ‘বই ঠেক’-এ একের পর এক অসাধ্য সাধন করে চলেছে। তাই এবারে না গিয়ে থাকতে পারিনি। এ-মাসের অধিবেশনটি ছিল অনিতা অগ্নিহোত্রীর উপন্যাস ‘প্লাবন জল’ নিয়ে। সব থেকে আকর্ষণের বিষয় ছিল অনিতা অগ্নিহোত্রী তাঁর এই উপন্যাস নিয়ে নিজেই বলবেন।
আগ্রহ নিয়ে গিয়ে হাজির হয়েছিলাম ‘প্লাবন জল’ নিয়ে লেখক কী বলেন, শুনব বলে! প্রায় এক ঘণ্টা ধরে শুনলাম ‘প্লাবন জল’-এর ইতিকথা। এখানে নদীর কথা আছে ঠিকই, ‘নর্মদা নদী’, কিন্তু সেই নদীকে ঘিরে উন্নয়নের (সরোবর বাঁধ) নামে আমাদের দেশের তিনটি রাজ্যের (মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট) এক বিশাল ভূ-প্রকৃতি, জনজাতির উচ্ছেদের কথা। সঙ্গে জনজাতির প্রতিবাদের কথাও।
বইটির শুরুতেই (আমার কথা) শিরোনামে লেখক বলেছেন, “ যে ভারতবর্ষের মানুষকে আমি নিজের অভিব্যক্তির মধ্যে খুঁজি, গত চার দশকে তার সন্ধানে কলকাতা শহর ও বাংলার সীমানা ছাড়িয়ে দূর-দূরান্তে গেছি। সাহিত্যের জন্য ক্ষেত্রসমীক্ষায় আমি বিশ্বাস করি না। মানুষের প্রতি টান না থাকলে গবেষণাপত্র তৈরি হবে, সাহিত্য নয়। ”
একদমই। লেখকের এই বক্তব্যের সঙ্গে যাঁরা উপন্যাসটি পড়েছেন, এবং ‘পরের পৃষ্ঠা’র অধিবেশনে আলোচ্য উপন্যাসটি নিয়ে লেখকের বক্তব্য শুনেছেন, উভয়েই ব্যাপারটা অনুধাবন করতে পারবেন।
সবশেষে বলি, আমার জীবনে এই অধিবেশনটি এক চরম পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক ‘পরের পৃষ্ঠা’কে। সঙ্গে লেখক অনিতা অগ্নিহোত্রীকেও।
খুব ভালো প্রতিবেদন। ধন্যবাদ জানাই কথা সাহিত্যিক নীহারুল ইসলাম কে। হাজারদুয়ারী সংবাদ কেও ধন্যবাদ জানাই পরের পৃষ্ঠার তরফে