বহরমপুরে খু*ন তৃণমূলের ব্লক সভাপতির শ্যালক

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ বহরমপুরে শুক্রবার রাত ন’টা নাগাদ আততায়ীদের ছুরির আঘাতে খুন হলেন আইজুদ্দিন মন্ডলের শ্যালক হায়াতুল্লা শেখ। আইজুদ্দিন তৃণমূলের ব্লক সভাপতি ও বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতিও। স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুল্লা সক্রিয় তৃণমূল কর্মী। তিনি বহরমপুর থানার রাজধরপাড়া এলাকার বাসিন্দা। এদিন রাতে চা খেতে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথারি ছুরি চালিয়ে পালিয়ে যায় চার থেকে পাঁচ জন দুষ্কৃতি। আহত হায়াতুল্লাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আইজুদ্দিন। ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর শ্যালক।

জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই খুনের ঘটনায় উত্তপ্ত বহরমপুরের রাজনীতি। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কংগ্রেসের দিকে আঙুল তোলা হলেও আইজুদ্দিন অবশ্য বলেন, ” আমি বিষয়টি সঠিক না জেনে কিছু বলতে পারবো না।” বহরমপুর থেকে হরিহরপাড়া যাওয়ার রাস্তায় কুমরোদহ ঘাট লাগোয়া এলাকার বাসিন্দা হায়াতুল্লা পেশায় ব্যবসায়ী। তাঁর আসবাবপত্রের ব্যবসা ছিল বলে এলাকাসূত্রে জানা যায়।

এই ঘটনায় ব্যবসায়ীক কোনও যোগ আছে কি না, কিংবা রাজনৈতিক কোনও যোগ আছে কি না তা জানার চেষ্টায় পুলিশ। দুষ্কৃতিদের খোঁজে এলাকায় শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে রাজনৈতিক খুন বলতে নারাজ। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ” তুরাপ শেখ নামে এক হাতুড়ে ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হায়াতুল্লা। সেই সময় তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। আর তা শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছায়। তারফলেই এই কান্ড ঘটেছে। পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights