নজরে পুরভোট, একাধিক পুরসভার ই.ও বদলাল শুভেন্দু সরকার

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ শারোদৎসব মিটলে পুরভোটই শাসকের লক্ষ্য। আর সেই লক্ষ পূরণে রাজ্যের প্রায় ৩৭টি পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। লক্ষ্মীপুজো মিটে গেলে দায়িত্ব নেবেন সেই সব আধিকারিকরা। তাঁদের হাত দিয়েই পুরভোট উতরে যেতে চায় শুভেন্দু সরকার, এমনটাই ধারণা রাজনীতির কারবারিদের। সম্প্রতি রাজ্য সরকার একলপ্তে ৩৮ জন রাজ্য আধিকারিককে সরিয়ে নড়িয়েছে। তাঁদের মধ্যে একজনকে বিডিও-র দায়িত্ব দিয়ে বাকি ৩৭ জনকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার বর্তমান কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ চৌধুরীর জায়গায় পূর্ণেন্দু সান্যালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও ওই জেলার সাত পুরসভার আরও তিনটি জঙ্গিপুর, ধুলিয়ান ও ডোমকল পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলাতেও পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে সরানো হয়েছে।

কেন কার্যনির্বাহী আধিকারিকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার ? পুরপ্রধান ভোটের দ্বারা নির্বাচিত হন। কিন্তু পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে সরকার নিয়োগ করেন। তিনিই বকলমে পুরসভার প্রশাসনিক কর্মকর্তা। রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়ন থেকে পুরসভার বাজেট ঠিক করা থেকে কর আদায়ের হিসেব নিকেশ সবই তাঁর দায়িত্বে। ফলে কোনও পুরসভায় দুর্নীতি হয়ে থাকলে তাও ওইসব আধিকারিকদের এড়িয়ে গিয়ে সম্ভব নয় বলেও মনে করেন অনেকে। তৃণমূল সরকারের আমলে দুর্নীতির প্রশ্নে বাদ ছিল না পুরসভাও। আর্থিক দুর্নীতির গন্ধ ছড়িয়েছে রাস্তা থেকে খাওয়ার জলেও। যদিও রাজ্যে পালাবদলের পর অধিকাংশ পুরসভার চেয়ারম্যান, পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেখানে মহকুমাশাসক কিংবা ওই পদমর্যাদার আধিকারিককে প্রশাসক হিসেবে বসিয়ে পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পুরসভার দুর্নীতি প্রকাশ্যে আসেনি। তদন্তেও নামেনি কোনও সংস্থা। যতদিন না পুরসভার নির্বাচন হচ্ছে ততদিন সরকার নিয়োজিত প্রশাসকই পুরসভা চালাবেন। এবার তাঁদের সঙ্গে কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কর্মরত ডব্লিউবিসিএস আধিকারিককে বসিয়ে জুড়ে দেওয়া হল।

প্রসঙ্গত বহরমপুর পুরসভায় এর আগে কার্যনির্বাহী আধিকারিক হিসেবে যাঁরা কাজ করেছেন তাঁরা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। সেই নিয়মে এবার পরিবর্তন আনা হল। ২০১৫ ব্যাচের ডব্লিউবিসিএস আধিকারিক পূর্ণেন্দুর সঙ্গে জেলার যোগ বহুদিনের। হরিহরপাড়ার প্রাক্তন বিডিও ছিলেন তিনি। পরে প্রশাসনিক ভবনে একাধিক পদ সামলানোর পর বর্তমানে ডোমকলে কর্মরত ছিলেন এই ডেপুটি ম্যাজিস্ট্রেট। এবার মুর্শিদাবাদের সবথেকে গুরুত্বপূর্ণ পুরসভার দায়িত্ব দেওয়া হল তাঁর কর্মগুণেই, এমনটাই ধারণা আধিকারিক মহলে। তেমনি মুর্শিদাবাদে কর্মরত ২০১৭ ব্যাচের আরও তিনজন ডেপুটি ম্যাজিস্ট্রেট সম্বল ঝা, শ্রীমন্ত মালিক, জয়ন্ত দেবব্রত চৌধুরীকে যথাক্রমে জঙ্গীপুর, ধুলিয়ান ও ডোমকলের কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তাতে কতটা কি উপকার হবে মানুষের তা নিয়েও ধন্দ রয়েছে। পুরসভাগুলির অলিন্দে পা ফেললেই শোনা যায় পদত্যাগী চেয়ারম্যানের ফোন নির্দেশের কথা। কোথাও কোথাও রাখঢাক না করেই কর্মীরা বলছেন, ” লোকের সামনে মহকুমাশাসক, ডার্ক রুম থেকে পুরসভা নিয়ন্ত্রণ করছেন নেপথ্যচারী। তিনি কে? তিনিই তো এক্স চেয়ারম্যান।” এ প্রশ্নে বিজেপির অবশ্য তেমন রোষ নেই। তাঁদের বক্তব্য আমরা তো দেখছি এসডিও বোর্ড। যাঁরা বলছেন তাঁরা হয়ত ভুত দেখছেন।”

সাধারণ মানুষের অবশ্য পুরভোট হওয়া না হওয়া নিয়ে তেমন কোনও আগ্রহ নেই। ডোমকল পুরসভা হওয়া ইস্তক ২০১৭ সালের পর আর কোনও ভোট হয়নি। ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে রাজ্যের অন্য পুরসভার মতো মুর্শিদাবাদের বাকি ছ’টিতে নির্বাচন হলেও সেই সময় ডোমকলের মেয়াদ ফুরোতে বাকি ছিল তিন মাস। কিন্তু সেই নির্বাচন আজও অধরা। যে কালিম্পং পুরসভায় এদিন কার্যনির্বাহী আধিকারিক বদল করা হয়েছে সেখানেও ২০১৭ সালের পর নির্বাচন হয়নি। আগামী বছর মেয়াদ উত্তীর্ণ হবে রাজ্যের ১২২টি পুরসভার। রাজ্যে পরিবর্তনের সরকার অবশ্য চাইছে আগামী বছর সেই নির্বাচন করতে। তার শুরু হয়ত হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বরের মতো।পুজোর পরেই সেই সংক্রান্ত নোটিফিকেশনও দেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে।

তবে পুরভোটের প্রশ্নে পুজোর আনন্দে বিষাদ আনতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন গোরাবাজারের বাসিন্দা অরূপ সিংহ। তিনি বলেন, ” ভোট বা পরিবর্তনের মতো প্রশ্ন আর না তোলাই ভাল। তার থেকে দিন যাপন যেমন চলছে তেমনই চলুক। অশান্তি কে চায় বলুন।” বিভিন্ন পুজোর ঠেকেও এই প্রশ্ন তুললে দিনবদলের প্রশ্নে শুনতে হচ্ছে ২০২২ এর তৃণমূল আমলের পুরভোটের তুলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights