সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আর জি কর কলেজের মৃত তরুণী চিকিৎসকের একলা সেমিনার রুমে যাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছিলেন ওই কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই দাবিকে নস্যাৎ করতে যাদবপুরের মেয়ে রিমঝিম সিংহ আমেরিকার ঐতিহাসিক ‘টেক ব্যাক দ্যা নাইট’ কর্মসূচির অনুরূপ “মেয়েদের রাত দখল” বা “the night is ours” কর্মসূচির ডাক দিয়েছেন। সেই ডাকে কণ্ঠ মিলিয়েছে দিল্লি থেকে লালগোলা। দলমত নির্বিশেষে যা একদিকে মেয়েদের স্বাধীনতার ডাক অন্যদিকে পুরুষতন্ত্রের বিরোধিতাও এই কর্মসূচির অঙ্গ।
আর এই প্রসঙ্গেই লেখিকা তসলিমা নাসরিন তাঁর মত জানিয়েছেন সমাজমাধ্যমে। বাংলাদেশে পালাবদলই হোক আর বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুই হোক, যে কোনও বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে সমাজমাধ্যমকেই ইদানিং বেছে নেন “দ্বিখন্ডিত” তসলিমা। মেয়েদের রাত দখল কর্মসূচি নিয়েও তিনি নিজের মত ব্যক্ত করেছেন সেখানেই। তিনি লিখেছেন “কলকাতায় রাত দখল করার আন্দোলন হচ্ছে। কারণ কিছুদিন আগে এক রাতে এক হাসপাতালে এক ডাক্তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েদের নির্যাতন করা, ধর্ষণ করা, খুন করা এসব যে পুরুষেরা রাতেই ঘটায় তা নয়, দিনের বেলাতেও একই রকম ঘটায়।” টেইক ব্যাক দ্য নাইটের অনুবাদে এই রাত দখল করার আন্দোলন হলে তিনি প্রশ্ন তুলেছেন ” কিন্তু দিনের কী হবে? দিন কি দখল হয়ে গেছে?”
নিজেই তাঁর উত্তরে লিখেছেন, ” সত্যি বলতে, দিন আর রাত এখনও পুরুষের অধিকারে। দিন এবং রাতের যে কোনও প্রহরেই নারীরা যৌনহেনস্থা, যৌন নির্যাতন, আর ধর্ষণের শিকার হচ্ছে। কারণ এই পৃথিবীটা সম্পূর্ণই পুরুষের। সে কারণেই নারীরা শত বছর ধরে আন্দোলন করেও পুরুষতন্ত্রের গায়ে সামান্যও আঁচড় কাটতে পারেনি, পুরুষতন্ত্র হটিয়ে দিয়ে সমানাধিকারের সমাজ নির্মাণ করতে পারেনি।” তাঁর আরও দাবি, “যতদিন পুরুষতন্ত্র টিকে থাকবে, পুরুষের আধিপত্য টিকে থাকবে, পুরুষের পেশির জোর টিকে থাকবে—-ততদিন দিন এবং রাত পুরুষের, ততদিন দিন এবং রাতের কিছুই নারীরা দখল করতে পারবে না, ততদিন বিষাক্ত পৌরুষের শিকার হতেই থাকবে নারীরা। অপ্রিয় হলেও কথাটি সত্য।”
আরও পড়ুনঃ রাত দখলে ভিড় বাড়াবে ‘ছদ্ম’ মানবতা?