
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ যাঁদের প্রয়োজন তাঁরা বাড়ি পান না আবাস প্রকল্পে। যাঁদের প্রয়োজন নেই সরকারের খাতায় বড় বড় করে তাঁদেরই নাম লেখা থাকে। সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কি গ্রাম কি শহর সর্বত্র। অভিযোগ পেয়ে তদন্তে একাধিকবার সত্যতাও প্রমাণিত হয়েছে। আবাস প্রকল্পে দুর্নীতির এহেন অভিযোগ ভুরি ভুরি। একটু টোকা মারলেই শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সেই ক্ষোভ ঝরে পরে মুহূর্তে। তেমনই একটি ঘটনার সাক্ষী থাকল বেলডাঙা।
আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে গ্রামবাসীদের হাতে হেনস্থা হতে হল পাঁচ সরকারি কর্মীকে। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, পাঁচ সরকারি কর্মচারী বৃহস্পতিবার বেলডাঙার দাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জানপুর গ্রামে আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়েছিলেন। সেই সময় গ্রামেরই এক ব্যক্তি কেনায় শেখ ওই সরকারি কর্মীদের তাঁর বাড়িও একবার ঘুরে দেখার জন্য সমীক্ষক দলকে অনুরোধ করেন।
কিন্তু তাঁর নাম উপভোক্তা তালিকায় না থাকায় কেনায়ের বাড়ি সমীক্ষা করা সম্ভব নয় বলে তাঁকে জানিয়ে দিলে কেনায় তর্ক জুড়ে দেন সমীক্ষক দলের সঙ্গে। অভিযোগ, অকথ্য ভাষায় তাঁদের গালিগালাজ করতে থাকেন তিনি। পরে গ্রামবাসীদের উপস্থিতিতে সমীক্ষক দলের প্রধান অমরনাথ মন্ডল (আর.ও) ও ভিআরপি সৌভিক প্রামাণিককে মারধর করে কেনায় ও তাঁর লোকজন। আটকে রাখা হয় বাকিদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ।
পরে কেনায়কে আটক করে সরকারি কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ব্লক উন্নয়ন আধিকারিককে লিখিতভাবে ঘটনার বিবরণ জানিয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন ওই পাঁচ সরকারি কর্মী। আগামীদিনে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা না করলে তাঁরা আর সমীক্ষায় যাবেন না বলেও বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন তাঁরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যায়।
পাশাপাশি গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সমীক্ষক দলটি বেছে বেছে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শাসকদলের নেতা বা নেতার ঘনিষ্ঠ লোকেদের বাড়ি সমীক্ষা করছিলেন। যাঁদের প্রকৃত বাড়ির দরকার তাঁদের বাড়ি যাননি। সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার সরকারি কর্মীদের ওপরে চড়াও হন গ্রামের মানুষজন।