গঙ্গায় নিঁখোজ নাবালক সহ একাধিক মৎসজীবী

Social Share

বাবাকে খাবার দিতে এসে নদীগর্ভে তলিয়ে গিয়েছে ছেলে

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ শুধু উপকূলবর্তী এলাকা নয়। ঘুর্ণীঝড় ‘ডানা’র দাপট নদী তীরবর্তী যে কোনও এলাকাতে যে পড়তে পারে তা নিয়ে আগাম সতর্কতা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। নদীতে নামতে প্রশাসনের পক্ষ থেকেও নিষেধ করা হয়েছিল বারংবার। তবু সেই নিষেধ উপেক্ষা করে গঙ্গায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন একাধিক মৎসজীবী। ভয়াবহ এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভাঙন দুর্গত শমসেরগঞ্জের লোহাপুর, শিকদারপুর, ধুলিয়ান পুর এলাকা সহ ফরাক্কার অর্জুনপুরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেল থেকেই মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শমসেরগঞ্জে দমকা হাওয়া দিলে গঙ্গার বুকে ইলিশের খোঁজে নামা মৎসজীবীদের ডিঙি ভেসে যায়। সেই ঘটনায় তলিয়ে যান দশজনের বেশি মানুষ। তাঁদের মধ্যে নাবালকও আছে বলে জানা যায়। কেউ কেউ সাঁতরে পারে উঠে আসলেও রাত পর্যন্ত নিঁখোজ অনেকেই।

স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগালে দু-একজন প্রাণে বেঁচে যায়। তাদের স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। নিঁখোজদের উদ্ধারে নদীগর্ভে তল্লাশী চালাচ্ছে উদ্ধারকারী দল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শমসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, বিধায়ক আমিরুল ইসলাম। বিডিও বলেন, ” এখনও পর্যন্ত যাঁরা উদ্ধার হয়েছেন তাঁরা মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। দশ জন বা তার বেশি মানুষজনের খোঁজ নেই। তবে সংখ্যাটি বাড়তেও পারে।” আমিরুল বলেন, ” বাবাকে খাবার দিতে এসে গঙ্গায় তলিয়ে গিয়েছে এক নাবালক। তার হদিশ পাওয়া যায় নি। সঠিক কতজন নিঁখোজ তার সঠিক তথ্য নেই। শমসেরগঞ্জ ছাড়াও ওপারে মালদহের একাধিক এলাকার মৎসজীবীরা আছেন। এখনও পর্যন্ত শমসেরগঞ্জ বা ফরাক্কার নিঁখোজ হওয়ার খবর নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights