
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ আশাকর্মীদের সাম্মানিক বাড়লেও বাজেটে এক আনাও সাম্মানিক বাড়ানোর কথা ঘোষণা হয়নি NHM- কর্মীদের। অথচ জনস্বাস্থ্যে তাঁদের অবদান কোনও অংশে কম নয়। সে কথা স্মরণ করিয়ে মুর্শিদাবাদের NHM কর্মীরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিজেদের ছ’দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন বুধবার।
বিপুল জনাদেশ নিয়ে আজ বাংলার মসনদে চালকের আসনে বিজেপি। নতুন সরকারের বাজেট অধিবেশনও হয়ে গেল সম্প্রতি।সেই অধিবেশনে অর্থমন্ত্রী সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র কুড়ি শতাংশ ঘোষণা করেছেন। সিভিক ভলান্টিয়ার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক থেকে ভোকেশনাল শিক্ষক, প্রায় সবস্তরেই সাম্মানিক বৃদ্ধি হয়েছে। এমনকি আশাকর্মীদেরও পাঁচ হাজারটাকা সাম্মানিক বৃদ্ধি হয়েছে। কিন্তু স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত NHM-দের সাম্মানিক বৃদ্ধির কথা রাজ্য বাজেটে ঘোষণাই হয়নি।
এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালকে জমা দেওয়া স্মারকলিপিতে তাঁরা দাবি করেছেন, মধ্যপ্রদেশ, ওডিশা, উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো অন্যান্য রাজ্যের NHM কর্মীদের মতো তাঁদেরও “সমান কাজের জন্য সমান বেতন” নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সংক্রান্ত সরকারি প্রকল্পগুলিতে সকলকে অন্তর্ভুক্তি করতে হবে। EPF সুবিধা চালু করতে হবে। পেনশন দিতে হবে। তবে জেলার বিভিন্ন প্রান্তের NHM কর্মীরা এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে উপস্থিত হলেও তাঁদের সঙ্গে দেখা হয়নি সিএমওএইচ-এর।
জরুরি পরিষেবা চালু থাকবে জানিয়ে NHM কর্মীরা বলেছেন, তাঁদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত তাঁরা “পেন-ডাউন আন্দোলন” পালন করবেন। তবে RI, VHND, ANC, আয়ুষ্মান ভারত, NCD, NTEP (টিবি), MDA, NLEP, MHU ক্যাম্পসহ অন্যান্য সকল NHM কর্মসূচি ও কার্যক্রম আন্দোলন চলাকালীন স্থগিত থাকবে। তাতেও সরকারের টনক না নড়লে তাঁরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন। এবং সেক্ষেত্রে জরুরি পরিষেবাও অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।