
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হল জুয়েল রানা নামে বছর কুড়ির এক যুবকের। ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকায়। ওড়িশায় রোজগারের তাগিদে বাড়ি ছেড়েছিল জুয়েল। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতি। বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় বাঙালি শ্রমিকের মৃত্যুতে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।
জানা যায়, ওড়িশার সম্বল পুরে জুয়েল ও তার প্রতিবেশি এক যুবক চলতি মাসের ২০ তারিখ রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকত তারা। একে ওই এলাকায় নতুন আসা তারপরে বাঙলায় কথা বলা দুই-ই নজরে রেখেছিল দুষ্কৃতিরা। বুধবার সন্ধ্যায় হঠাৎ তাদের ভাড়া বাড়িতে চড়াও হয় তারা। ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে গুরুতর আহত হয় জুয়েল। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আহত অন্য শ্রমিকরা হাসপতালে চিকিৎসাধীন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। জুয়েলের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের দাবি, দুষ্কৃতিরা জুয়েলদের বাঙলাদেশের অনুপ্রবেশকারি ধরে নেয় প্রথম থেকে। তাই পরিচয় পত্র দেখালেও তাতে চোখ বোলানোর প্রয়োজন মনে করে নি তারা। পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে গিয়ে একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে জুয়েলের পরিবার। ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন জুয়েলের মা নাজেমা বিবি।
আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়েছে বড়দিনে। সুতির তৃণমূল বিধায়ক ইমামি বিশ্বাস বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, ” বিজেপি শাসিত রাজ্যে বেছে বেছে বাঙালিদের হত্যা করা হচ্ছে। আর এখানে বিজেপি নেতারা বড় বড় কথা বলছে। তারা কি এগুলো দেখতে পায় না? বাঙলার মানুষ এদেরকে ধিক্কার জানাচ্ছে।” বিজেপি নেতারা অবশ্য মুখ খোলেননি এই ঘটনায়।