
সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ পুলিশ সুপারের পর এবার জঙ্গিপুর পুলিশ জেলার এসডিপিওদের বদলে ফেলল নবান্ন। বৃহস্পতিবার এক নির্দেশিকায় ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খানকে নারায়নি ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে সরানো হচ্ছে বলে জানানো হয়েছে। তাঁর জায়গায় শেখ সামসুদ্দিনকে ওই পদে আনা হচ্ছে। রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেড কোয়ার্টার পদে যাওয়ার আগে মুর্শিদাবাদের ডোমকলের এসডিপিও ছিলেন সামসুদ্দিন। বেলডাঙায় কর্মরত মোতাসিম আখতারকে রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার পদে পাঠানো হচ্ছে।
ওই একই নির্দেশিকায় জঙ্গিপুরের ডিএসপি হেডকোয়ার্টার পদে মহম্মদ মোহাই মেহমুল হককে পাঠানোর কথা বলা হয়েছে। তিনি ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার গোয়েন্দা বিভাগের ডিএসপি। রঘুনাথগঞ্জের বাসিন্দা পিন্টু সরকারকে জঙ্গিপুর পুলিশ জেলার গোয়েন্দা বিভাগের ডিএসপির দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি এতদিন ডিএসপি বর্ডার আলিপুরদুয়ারে কর্মরত ছিলেন। মোহাই মেহমুল হক ও পিন্টু সরকার দুজনকে ডেপুটেশনে পাঠানো হচ্ছে। জঙ্গিপুরের পাশাপাশি রদবদলের তালিকায় নাম রয়েছে ভগবানগোলার এসডিপিওর।
ভগবানগোলার এসডিপিও উত্তম গরাইকে বেলডাঙায় পাঠানো হচ্ছে। বনগাঁ পুলিশ জেলার কর্মরত বিমান হালদারকে ভগবানগোলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শমসেরগঞ্জের হিংসার ঘটনায় যে সরকারের মাথায় ভাঁজ পড়েছে এদিনের পুলিশ মহলের রদবদলে তার ইঙ্গিত স্পষ্ট। মাসখানেক আগে হিংসার আগুনে জ্বলেছিল জঙ্গিপুরের সুতি, শমসেরগঞ্জ, ধুলিয়ান। ঘটনার পরে পরেই শমসেরগঞ্জ ও সুতির ওসিকে বদলে ফেলেছিল সরকার। সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থানায় এখন দুই আইসি পদের পুলিশ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে পুলিশ সুপার আনন্দ রায়কে সরিয়ে অমিত কুমার শাওকে পুলিশ সুপার করা হয়েছে। তারপর জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চলে যাওয়ার দিন সাতেকের মধ্যে এই বদলির নির্দেশ এলেও পুলিশ মহল একে রুটিন বদলি বলে দাবি করেছে।