জঙ্গিপুরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে বিবিএ

Social Share

বিদ্যুৎ মৈত্র, বহরমপুরঃ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) এর মুর্শিদাবাদ ক্যাম্পাসে এখন থেকে পড়ানো হবে Bachelor of Business Administration বা বিবিএ। গতকাল AMU কতৃপক্ষ মালাপ্পুরম এবং মুর্শিদাবাদ ক্যাম্পাসে এই কোর্স পড়ানোর অনুমতি দিয়েছে। মুর্শিদাবাদ জেলার কোনও সরকারি প্রতিষ্ঠানে এই কোর্স পড়ানো প্রথম। আলিগড় বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ (আহিরণ) ক্যাম্পাসে অবশ্য MBA ( Master of Business Administration) পড়ান হয়।

জঙ্গিপুর ও ফরাক্কার মতো মহকুমা তো বটেই বিবিএ-র মতো পেশাদার কোর্স চালু হলে উপকৃত হবেন মুর্শিদাবাদ ও মালদহের একটি বড় অংশের পড়ুয়া। চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরের এই কোর্স সিমেস্টার পদ্ধতিতে পড়ানো হবে। ইতিমধ্যে এই কোর্সে ভর্তির আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জঙ্গিপুর ক্যাম্পাসের রেজিস্ট্রার মহম্মদ আবদুল হামিদ। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত ৮৫০ টাকা দিয়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। তারপরে কেউ ভর্তি হলে তাকে অতিরিক্ত ৩০০ টাকা দিয়ে আবেদন পত্র জমা দিতে হবে, তাও ৩১ জুলাইয়ের মধ্যে। যদিও এই কোর্স পড়ুয়াদের নিজের খরচেই পড়তে হবে বলে জানান তিনি। সর্বোচ্চ ৬০ জন পড়ুয়া অ্যাডমিশন টেস্ট দিয়ে এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন। সেই পরীক্ষা হবে ২০ অগস্ট, সকাল দশটায়।

সরকারি এই বিশ্ববিদ্যালয়ে পেশাদার এক কোর্স পড়তে প্রতি সিমেস্টারে একজন পড়ুয়াকে ডেভলপমেন্ট ফি বাবদ বিশ হাজার টাকা ও শিক্ষামূলক ভ্রমণের জন্য আরও পাঁচ হাজার টাকা দিতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের নোটিশে উল্লেখ করা হয়েছে। পড়ুয়াদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যেমন থাকে এখানেও সেই সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেই তিনি জানিয়েছেন। গুরুত্ব পাবে পড়াশোনা, দাবি রেজিস্ট্রারের।

তবে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে এই ধরনের পেশাদার কোর্স শেষে চাকরির সুযোগ কোথায় পাওয়া যাবে। জেলার শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞদের কাছ থেকে জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময় চাকরির সুযোগ দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কোর্স শেষে সেই সুবিধা তাঁরা পান না। একটি বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়ার দাবি, “আমাকে একটি ইনসিওরেন্সের অফিসে ডেটাএন্ট্রির সুযোগ দেওয়া হয়েছিল। বিবিএ কোর্স করে ডেটা এন্ট্রির জব করতে হবে ভাবিনি।”

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের রেজিস্ট্রার বলেন, ” আমাদের মেইন সেন্টারে প্লেসমেন্ট সেল আছে। সেখানে বিবিএ পাশ স্নাতকরা প্রায় প্রত্যেকেই চাকরি পেয়েছে ভাল ভাল জায়গায়। বিশেষ করে ব্যঙ্কে।” তিনি আরও বলেন, ” বিবিএ পাশ করার পর এই পড়ুয়ারা সরাসরি আমাদের ক্যাম্পাসেই এমবিএ পড়বার সুযোগ পাবে। তারজন্য অবশ্য কোনও খরচ নেই।”

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাস বেশ কয়েক বছর ধরে ঝিমিয়ে পড়েছিল। তাকে চাঙ্গা করতে এগিয়ে আসেন জঙ্গিপুরেরর সাংসদ খলিলুর রহমান। তাঁকে সঙ্গ দেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ এলাকার সকল জনপ্রতিনিধিরা। সেই ক্যাম্পাসে বিবিএ কোর্স চালু হওয়ায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন খলিলুর। মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যূষিত জেলায় সরকারি প্রতিষ্ঠানে পেশাদার কোর্স পড়ানো শুরু হলে আগামী দিনে তার চাহিদা বাড়বে যেমন তেমনি এলাকার ছেলেমেয়েরা কাজের সুযোগ পাবে আরও বেশি, এই আশায় বুক বাঁধছে জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights