ধুলিয়ানে মর্মান্তিক পরিণতি বিএসএফ জওয়ানের

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ গভীর রাত্রে ধুলিয়ানের শ্মশান সংলগ্ন পাহাড় ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে চলল মুহুর্মুহু গুলি। জানা গেল শনিবার গভীর রাতে স্বয়ংক্রিয় রাইফেল থেকে একের পর এক গুলি ছিটকে এসে বুকে লাগে এক জওয়ানের। মর্মান্তিক পরিণতি হয় তাঁর। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের ওই জওয়ানের নাম রতন সিং।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শমসেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, মৃত জওয়ানের সঙ্গে বিএসএফ ক্যাম্পেই বচসা বাঁধে তাঁর এক সহকর্মীর। সেই রতনকে লক্ষ্য করে পরপর ছ’টি গুলি ছোড়ে। গুলির আঘাতে রক্তাক্ত জওয়ান ক্যাম্পেই লুটিয়ে পড়ে। পুলিশ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে।

চৈত্রের শেষে মুর্শিদাবাদের উত্তরে শমসেরগঞ্জের ধুলিয়ান সহ একাধিক জায়গায় হিংসার আগুন ছড়িয়েছিল। পরিস্থিতি আগের তুলনায় এখন অনেক স্বাভাবিক। তবুও আদালতের নির্দেশে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গুলির আওয়াজ পেয়ে এলাকাবাসীদের অনেকেই ভেবেছিলেন আবার কোনও হিংসার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই গুলির আওয়াজ অনুসরণ করে সেই রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। তাঁদের সহযোগিতাতেই ক্যাম্প থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃত জওয়ানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights