মুর্শিদাবাদ আসনে আইএসএফের প্রতিপক্ষ বামেদের সেলিম

Social Share

বিদ্যুৎ মৈত্রঃ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহঃ সেলিম। সেবার জামানত জব্দ হয়েছিল। আবার ২০১৪ সালে ওই কেন্দ্র থেকেই জিতেছিলেন কংগ্রেসের দীপা দাসমুন্সীকে হারিয়ে। সেই মহঃ সেলিমই এবার মুর্শিদাবাদ আসনে বামেদের বাজি। তাঁর সমর্থক ভারতের জাতীয় কংগ্রেস। ঘোষিত দুই প্রতিপক্ষ ছাড়াও তাঁর প্রতিপক্ষ আইএসএফও। তবে ওই আসন একসময় বামেদের দখলে ছিল।

সেই দূর্গ এখনও ভেঙে পড়েনি। মুর্শিদাবাদ লোকসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আছে। তারমধ্যে ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলীর প্রয়াণের পর লোকসভা নির্বাচনের মধ্যেই সেখানে উপনির্বাচন হবে। বাকি একটি বিধানসভা মুর্শিদাবাদ বিজেপি’র দখলে। রানিনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি চারটেই তৃণমূলের দখলে। সেখানে লাল আবির ওড়ানো কী কঠিন পিচ নয়? যদিও জেলা সিপিএমের একাংশের দাবি, এবার এখানে খেলা হবে। যদিও আইএসএফ কাঁটা যে খচখচ করছে বামদের গলায় তা বলবার অবকাশ রাখে না।

আরও পড়ুনঃ Md Selim: মুর্শিদাবাদ আসনে ‘বহিরাগত’ CPI(M)?

আইএসএফের সঙ্গে কোনও বোঝাপড়া হয়নি। যদি আন্তরিক থাকে আইএসএফ বোঝাপড়া নিয়ে তাহলে অবশ্যই সংবাদমাধ্যমকে জানাবেন বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর সেই সূত্রেই যাদবপুর, শ্রীরামপুর ও মুর্শিদাবাদে তৃণমূল বিজপির পাশাপাশি বামেদের প্রতিপক্ষ আইএসএফও। যদিও এখনও পর্যন্ত আইএসএফ যাদবপুরের প্রার্থীর নাম ঘোষণা করেনি। মুর্শিদাবাদে সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের প্রতিপক্ষ আইএসএফের হাবিব সেখ। শ্রীরামপুরে দীপ্সিতা ধরের প্রতিপক্ষ আইএসএফের সাহারিয়ার মল্লিক (বাপি)।

শনিবার পূর্ব ঘোষণা মত বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় দেখা যায় মুর্শিদাবাদ থেকে মহম্মদ সেলিম, রানাঘাট থেকে অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুর থেকে সুকৃতী ঘোষাল, বোলপুর থেকে শ্যামলী প্রধানের নাম রয়েছে। প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। তার পরে এক দিন শুধুমাত্র আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণার পর শনিবার আরও চারটি আসনের জন্য প্রার্থীদের নাম জানালেন বিমান বসু। এদিন চারটি নামই সিপিএমের। তারমধ্যে শ্যামলি প্রধান ও সুকৃতি ঘোষাল নতুন নাম।যদিও এর আগে বিধায়ক নির্বাচনে লড়াই করেছিলেন শ্যামলি।  

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে সংযুক্ত মোর্চা (বাম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ছিলেন অলোকেশ দাস। রানাঘাট কেন্দ্র থেকে এবার তাঁরা লড়াই করবেন ঠিকই, তবে সংযুক্ত মোর্চা নামক ছাতাটা যে সরে গিয়েছে তা বলাই বাহুল্য। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে মুকুটমণি অধিকারীকে। ২০২১ সালে মুকুট বিজেপি’র হয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে পুরনো মুখ জগন্নাথ সরকারকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ। ওই কেন্দ্রে বিজেপি তৃণমূলের গোষ্ঠিকোন্দল সিপিএমের ভাগ্য খোলে কি না তা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights