সংবাদ প্রতিনিধি, কলকাতাঃ বুধবার নতুন পদে দায়িত্ব ভার গ্রহণ করবেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। জল্পনা চলছিল। তাপস রায় পদত্যাগ করে পদ্ম শিবিরে নাম লেখানোর পর থেকেই কাকে তাঁর জায়গায় বিধানসভায় দায়িত্ব কাকে দেওয়া যায় তা নিয়ে বেশ কয়েকটি নাম প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রীর কাছে আসে। তারমধ্যে থেকে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন দেবাশিসকে। বুধবার তিনি বিধানসভায় নয়া ডেপুটি চিফ হুইপ পদের তাপসের উত্তরসূরি হিসেবে দায় ভার নেবেন।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়য়ের কাছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে রাসবিহারী কেন্দ্রের বিধায়কের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এই প্রসঙ্গেদেবাশিস বলেন, দল আমায় যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এখনও চিঠি হাতে পাইনি। বুধবার বিধানসভায় গিয়েই যাবতীয় দায়িত্ব দেখেশুনে নেব।
তবে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার লোকসভা নির্বাচন মিটে গেলে তবেই তাঁর দায়িত্ব পুরো দমে পালন করতে পারবেন।
আরও পড়ুন-যাত্রী সুরক্ষা তলানিতে, লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস