তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার কান্দিতে

Social Share

সংবাদ হাজারদুয়ারি ওয়েবডেস্কঃ ফের এক চিকিৎসকের অকাল মৃত্যু। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ। নিজের ঘর থেকে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছে কান্দিতে। মৃতার নাম পৌলমী বিজয়পুরী (৩২)। বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদ থেকে আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতার বাবা প্রশান্ত বিজয়পুরীর। তিনিও পেশায় চিকিৎসক। যদিও বাবার সেই দাবি মানতে চাননি পৌলমীর বন্ধু, পড়শিরা। তাঁদের দাবি, পছন্দের পুরুষকে বিয়ে করতে চেয়েছিলেন পৌলমী, সেই পছন্দে অমত ছিল বাবা-মায়ের। তাই ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন ওই তরুণী চিকিৎসক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পৌলমী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে ২০১৯ সালে তিনি এমবিবিএস পাশ করেন। পরে চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে হাউস স্টাফশিপ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে সরকারি চিকিৎসক হিসাবে যোগ দেন বহড়ার স্বাস্থ্যকেন্দ্রে। শুক্রবার রাতে মৃতার ভাই ঘরে খাবার দিতে গিয়ে দেখেন পৌলমীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বার কয়েক ডাকাডাকির পর দরজা না খোলায় ধাক্কা মেরে দরজা খুললে ভাইয়ের নজরে পরে ঝুলন্ত দিদিকে। ভাইয়ের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights